ঢাকা-নারায়ণগঞ্জ পথে ডেমু চলা শুরু করছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর আজ বুধবার আনুষ্ঠানিকভাবে আধুনিক কমিউটার ট্রেন ‘ডেমু’র নিয়মিত যাত্রা শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এটির চলাচল উদ্বোধন করবেন। ট্রেনটি চলবে ঢাকা-নারায়ণগঞ্জ পথে।রেলের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আগ্রহ দেখালে তাঁকে নিয়ে ট্রেনটি কিছুদূর পর্যন্ত চালানো হবে। তবে যাত্রী নিয়ে যাত্রা করবে দুপুর সাড়ে ১২টার দিকে।গত বৃহস্পতিবার শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ডেমু ট্রেনটি ঢাকা-নারায়ণগঞ্জ পথে পরীক্ষামূলকভাবে চালানো হয়। ডেমু (উঊগট) হচ্ছে ‘ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট’-এর সংক্ষিপ্ত নাম। দুই দিকে দুটি ইঞ্জিন এবং মাঝখানে একটি বগির সমন্বয়ে একটি ডেমু। দুই দিকে দুটি ইঞ্জিন থাকায় এটি ইঞ্জিন বদল না করেই দ্রুত ফিরতি গন্তব্যে রওনা দিতে পারবে।সীমিত যাত্রী ধারণক্ষমতা এবং কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়েই যাত্রা শুরু করল ডেমু। রেলওয়ের কর্মকর্তারা পর্যায়ক্রমে এগুলো দূর করার আশ্বাস দিয়েছেন। যাত্রীসংখ্যার কথা বিবেচনা করে দুটি ডেমু একসঙ্গে জোড়া দিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতি ডেমুতে যাত্রী ধারণক্ষমতা ৩০০। এর মধ্যে ১৪৯ জনের বসার ব্যবস্থা আছে। বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ পথে দ্বিতীয় শ্রেণীর বগি-সংবলিত দুটি ট্রেন চলাচল করে। ডেমু চালু হলে একটি বন্ধ হয়ে যাবে।এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে প্রচলিত ট্রেনগুলো কর্মদিবসে এক যাত্রায় (ট্রিপ) গড়ে দেড় হাজার যাত্রী পরিবহন করতে পারে।সরকার চীন থেকে ২০ সেট ডেমু আমদানি করছে। এর মধ্যে দুই সেটের একটি ট্রেন ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচল শুরু করছে। বাকিগুলো এসে পৌঁছালে এই পথে শুধু ডেমুই চলবে।ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ: এদিকে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকবেন বলে কমলাপুর থেকে ট্রেন চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হবে। যেসব ট্রেন সকাল ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঢাকায় পৌঁছার কথা, সেগুলোকে পথে দেরি করিয়ে আনা হবে। আর ঢাকা থেকে সকালের দিকের ট্রেনগুলো ছেড়ে যাবে। তবে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে থাকার সময় কোনো ট্রেন ছেড়ে যাবে না।