ঢাকা-নারায়ণগঞ্জ পথে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল রোববার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০১১ সালের মে মাসে ঢাকা-নারায়ণগঞ্জের বাসভাড়া ২২ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। তখন প্রতিবাদ করলে পরিবহন মালিকপক্ষ ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব প্রথমে ২১ কিলোমিটার বলে, পরে আবার ২০ কিলোমিটার বলে চালাতে থাকে। অথচ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটি ঢাকার জিরো পয়েন্ট থেকে নারায়ণগঞ্জের ১ নম্বর রেলগেট পর্যন্ত দূরত্ব মেপে পায় ১৭ কিলোমিটার। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ পরিবহন মালিকদের নিয়ে দূরত্ব মেপে ১৯ দশমিক ৭০ কিলোমিটার দেখান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সড়ক বিভাগ ১৮ মে ২০১১ সালে এক প্রজ্ঞাপনে জানায়, ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী জেলা (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) বিআরটিসির ইস্যু করা রুট পারমিটধারী বাস ও মিনিবাসের উভয় ক্ষেত্রে ভাড়ার হার হবে ১ দশমিক ৪৫ টাকা। পরে সড়ক বিভাগ প্রতি কিলোমিটার ভাড়া পাঁচ পয়সা হারে বৃদ্ধি করে নতুন প্রজ্ঞাপন জারি করে। তখন আন্দোলনের ফলে বাসমালিকেরা ভাড়া ৩০ টাকা থেকে দুই দফায় কমিয়ে প্রথমে ২৭ টাকা নির্ধারণ করেন। ছয় মাস যেতে না যেতেই আবার ভাড়া ৩০ টাকা করা হয়।
২০১৩ সালের অক্টোবরে মেয়র হানিফ ফ্লাইওভার চালু এবং সেখানে জনপ্রতি পাঁচ টাকা টোল নির্ধারণ করলে বাসমালিকেরা ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করেন। ফ্লাইওভারটি চালু হলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব দেড় কিলোমিটার কমে যায়। এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রতি কিলোমিটারে ১০ পয়সা ভাড়া বাড়িয়েছে। সে হিসাবে এই রুটে ফ্লাইওভার টোলসহ মোট ভাড়া হয় ২৯ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৩৫ টাকা। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দৈনিক পাঁচ শতাধিক বাস চলাচল করে। সে হিসাবে দৈনিক অতিরিক্ত আদায় হয় ১৫ লাখ টাকা। বছরে এর পরিমাণ দাঁড়ায় ৫৪ কোটি ৭৫ লাখ টাকা।