ঢাকা-নারায়ণগঞ্জ পথে বিআরটিসির বাস আগামী মাস থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবাল বলেছেন, আগামী মাসে দক্ষিণ কোরিয়া থেকে ৮৪টি বাস আসছে। এখান থেকে ৫০টি বাস ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে চালানোর জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বিআরটিসির বাস চালুর দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে যাত্রী অধিকার সংগঠন ফোরামের স্মারকলিপি প্রদানের সময় এম এম ইকবাল এ কথা বলেন। তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পথে বিআরটিসির বাস চলাচলে কোনো স্বার্থান্বেষী মহল যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য নাগরিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।পরে বিআরটিসির চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ শহরের খানপুরে বিআরটিসির নিজস্ব ডিপো রয়েছে। একসময় ঢাকা-নারায়ণগঞ্জে বিআরটিসির বাস সার্ভিস খুবই জনপ্রিয় ছিল। পরে নানা প্রতিবন্ধকতায় তা বন্ধ হয়ে যায়। নারায়ণগঞ্জের নাগরিক সমাজের দাবির পরিপ্রেক্ষিতে আগামী জুলাই মাস থেকে ৫০টি নতুন বাস ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে দেওয়া হবে। ভাড়া হবে বেসরকারি বাসগুলোর তুলনায় কিছু কম।ঢাকার রাজউক এভিনিউতে অবস্থিত বিআরটিসির প্রধান কার্যালয়ে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির দুলাল সাহা, হিমাংশু সাহা, বাসদের নিখিল দাস, ন্যাপের আওলাদ হোসেন ও নজরুল ইসলাম চৌধুরী। স্মারকলিপিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বিআরটিসির বাস না থাকায় বেসরকারি পরিবহন মালিকেরা ইচ্ছেমতো অযৌক্তিক ভাড়া আদায় করছেন। তাঁদের একচেটিয়া ব্যবসায় যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। আগে এই পথে বিআরটিসির বাস থাকায় সাধারণ যাত্রীরা স্বল্প ভাড়ায় যাতায়াতের সুযোগ পেত। তাই দ্রুত ঢাকা-নারায়ণগঞ্জ পথে বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবি জানান তাঁরা।