নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের চাপের মুখে আগামী শুক্রবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাসভাড়া কমানো হচ্ছে। নন-এসি বাসের ভাড়া ৩০ থেকে কমিয়ে ২৮ এবং এসি বাসের ভাড়া ৪০ থেকে কমিয়ে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন, স্থানীয় পরিবহন মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নির্ধারিত ভাড়ার তালিকা বাস কাউন্টারগুলোতে ঝোলাতে বলা হয়েছে।এদিকে সড়কের দূরত্ব পরিমাপের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, ট্রাফিক ও জেলা বিআরটিএ থেকে একজন করে কর্মকর্তা, পরিবহন মালিক সমিতির দুজন নেতা এবং নারায়ণগঞ্জ নাগরিক কমিটির এক সদস্যকে নিয়ে কমিটি গঠন করা হয়। দুই দিনের মধ্যে সড়কের দূরত্ব মেপে প্রতিবেদন দিতে কমিটিকে বলা হয়েছে।জেলা প্রশাসক মো. সামছুর রহমান জানান, সভায় ওই পথে বাসভাড়া নন-এসি ৩০ থেকে ২৮ এবং এসি ৪০ থেকে কমিয়ে ৩৮ টাকা করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জে অন্যান্য পরিবহনের ভাড়াও দু-তিন দিনের মধ্যে পুনর্নির্ধারণ করা হবে। পরিবহননেতা ইব্রাহিম চেঙ্গিস ও মোক্তার হোসেন জানান, এই পথে যাতায়াতকারীদের কথা বিবেচনা করে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।