ঢাকা-নারায়ণগঞ্জ বিআরটিসি বাস চালু হচ্ছে শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ পথে রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসির বাস শিগগিরই চালু হচ্ছে। এ লক্ষ্যে বাসও আমদানি করা হয়েছে। ইতিমধ্যে ২৫টি নতুন বাস নারায়ণগঞ্জে আনা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রীদের অভিযোগ, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাস না থাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদাবাজি অব্যাহত রেখে বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর সুযোগ দিচ্ছে। তাদের কাছে সাধারণ যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। এদিকে যাত্রীসেবার মানও বাড়েনি। লক্কড়ঝক্কড় বাসে প্রতিদিন এই পথে হাজার হাজার যাত্রী যাতায়াত করে।বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপোর ব্যবস্থাপক মনিরুজ্জামান বাবু জানান, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা বিআরটিসির নতুন একতলা ২৫টি বাস নারায়ণগঞ্জ-ঢাকা পথে চালু করা হবে। ইতিমধ্যে বাসগুলো শহরের খানপুরে অবস্থিত বিআরটিসির নিজস্ব ডিপোতে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাত্রাপথ নির্ধারণ করে এই বাস চালু করা হবে। যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে আগামীতে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে।জানা যায়, আনুষ্ঠানিকভাবে বিআরটিসির বাস চলাচল উদ্বোধন করবেন বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবাল।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পথে বিআরটিসি বাস চালুর দাবি দীর্ঘদিনের। নারায়ণগঞ্জে কতিপয় লোকের অপতৎপরতার কারণে ২০০৫ সালে এই পথে বিআরটিসির বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ছয় বছর পর এই বাস আবার চালু হচ্ছে। আর যাতে কোনো অবস্থাতেই বিআরটিসির বাস বন্ধ করতে না হয়, সে জন্য প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। রফিউর রাব্বি আরও বলেন, ‘আমরা দুটি পথে বিআরটিসি বাস চলাচলের প্রস্তাব করেছি। একটি হচ্ছে, শহরের খানপুর ডিপো থেকে চাষাঢ়া হয়ে সংযোগ সড়ক দিয়ে সরাসরি ঢাকা। অপরটি শহরের মণ্ডলপাড়া থেকে চাষাঢ়া-ফতুল্লা-পাগলা হয়ে ঢাকা। ভাড়া যাত্রীপ্রতি ২২ টাকার বেশি না করার জন্য আমরা বিআরটিসির চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছি।’