ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক আট ঘণ্টা যান চলাচল বন্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর খিলমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে গতকাল রোববার একটি ট্রাক গর্তে আটকে যায়। এতে সড়কে আট ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ক্রেন দিয়ে ট্রাকটি সরানো হয়।এলাকাবাসী জানান, সকাল নয়টার দিকে কাশীপুর খিলমার্কেট এলাকায় ১০ চাকার একটি ট্রাক গর্তে আটকা পড়ে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৫০ টন ওজনের গাছের গুঁড়ি নিয়ে ট্রাকটি চট্টগ্রাম থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। পুলিশের রেকার দিয়ে বিশালাকৃতির ট্রাকটি সরানো সম্ভব হয়নি। দুপুর দুইটার পর পুলিশ বিকল্প ব্যবস্থায় প্রাইভেট কারের মতো ছোট যান চলাচলের ব্যবস্থা করলেও এ উদ্যোগ তেমন কার্যকর হয়নি। বড় যানবাহন না চলায় ছোট যানগুলোকে যানজটে আটকে থাকতে হয়। এ সময় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। পরে ঢাকা থেকে ক্রেন এনে বিকেল পাঁচটার দিকে ট্রাকটি সরানো হয়।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, রেকার দিয়ে ট্রাকটি সরানো সম্ভব হয়নি। পরে ঢাকা থেকে ক্রেন এনে ট্রাকটি সরানো হয়।এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের নাজুক অবস্থার কোনো উন্নতি হয়নি। ফতুল্লার পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে যানবাহন আটকে যাচ্ছে। এ সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।এলাকাবাসী জানান, গত এক মাসে গর্তে গাড়ি আটকে এ সড়কে বেশ কয়েকবার যান চলাচল বন্ধ হয়ে যায়। পঞ্চবটী থেকে শাসনগাঁও মসজিদ পর্যন্ত দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহনের চাকা গর্তে আটকে যাচ্ছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এই সড়কের চর সৈয়দপুরের এক কিলোমিটার বড় বড় গর্ত ও খানখন্দে ভরা। চর সৈয়দপুর থেকে ফকির বাড়ি পর্যন্ত রয়েছে অসংখ্য গর্ত।মুন্সিগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী দিঘিরপাড় পরিবহনের মালিক জগলুল হালদার বলেন, এ রুটে এখন প্রতিদিন ও প্রতিমুহূর্ত অনিশ্চয়তার মধ্যে চলতে হচ্ছে।নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। পঞ্চবটী বিসিক শিল্পনগর ও আশপাশে পাঁচ শতাধিক রপ্তানিমুখী পোশাকশিল্পের কারখানা রয়েছে। এসব কারখানায় লক্ষাধিক শ্রমিক কাজ করেন। সড়কের অবস্থা খারাপ হওয়ায় শ্রমিক-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাঙা সড়কের কারণে বিদেশি ক্রেতারাও বিসিক শিল্পনগরে আসতে চান না বলে জানা গেছে। মুক্তারপুর শিল্পাঞ্চলে কয়েকটি বড় সিমেন্ট কারখানাসহ তিন শতাধিক শিল্পকারখানা রয়েছে। সড়কের বেহাল দশার কারণে এসব শিল্পকারখানার শ্রমিক-কর্মচারীরাও দুর্ভোগ পোহাচ্ছেন।ফতুল্লা থানার ওসি আবদুল মতিন বলেন, ‘সড়কের এমনই ভয়াবহ অবস্থা যে বারবার যানবাহন গর্তে আটকে যাচ্ছে। রেকার দিয়ে আমরা আটকে যাওয়া যানবাহন টেনে তুলছি। বারবার এ রকম ঘটনা ঘটছে। তাই সার্বক্ষণিকভাবে সেখানে রেকার রাখা হয়েছে। সড়ক চালু রাখতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’