ঢাকা-নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়ক সংস্কার শুরু হয়নি
দেশের বিভিন্ন স্থানে মহাসড়কের সংস্কারকাজ শুরু হলেও ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের সংস্কারকাজ গতকাল রোববার বিকেল পর্যন্ত শুরু হয়নি। এতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার লক্ষাধিক মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছে। তবে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেতু বিভাগ সংস্কার শুরু না করে সড়কের কিছু ভাঙা অংশে ইট-বালু ফেলেছে।এদিকে সংস্কারের দাবিতে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের সৈয়দপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানায়, কয়েক মাস ধরে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে প্রায়ই যান উল্টে গিয়ে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। তাই অবিলম্বে সড়কটির সংস্কার করা দরকার।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক পরিদর্শনে আসার খবরে গতকাল সকাল থেকেই ভিড় জমান বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা। পরে মন্ত্রী আবুল হোসেনের জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মন্ত্রী রংপুর যাচ্ছেন। তাই তিনি ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক পরিদর্শনে যাচ্ছেন না।সৈয়দপুর এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী আমজাদ আলী ও হারেছ মিয়া বলেন, ‘গতকাল সকালে এই সড়ক পরিদর্শনে যোগাযোগমন্ত্রীর আসার কথা। তাঁর আগমনের খবরে আগের দিন রাতে সড়কের গর্তগুলোতে ইটের খোয়া ও বালু ফেলা হয়। তবে মন্ত্রী আসেননি। এই সড়ক দিয়ে মন্ত্রী তাঁর গাড়িটি নিয়ে গেলে তিনি আমাদের দুর্ভোগ উপলব্ধি করতে পারতেন। আমরা চাই, সড়কের স্থায়ী সংস্কারকাজ করা হোক।’