ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে চার ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে ২৫টি পরিবহন মালিক সংগঠনের ডাকা গতকাল রোববারের সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চার ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা আজ সোমবার থেকে ভাঙা রাস্তা মেরামত এবং আগামী দুই মাসের মধ্যে পুরো সংস্কারকাজ শেষ করার আশ্বাস দিলে এই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকেরা গতকাল সকাল ছয়টা থেকে যান চলাচল বন্ধ রাখেন। ধর্মঘটের সমর্থনে সকালে তাঁরা নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায়, পঞ্চবটী, আদমজী, মুন্সিগঞ্জের মুক্তারপুর, ঢাকার ডেমরা ও পোস্তগোলা এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় ওই সড়কগুলোতে কোনো যানবাহন ছিল না। যান চলাচল বন্ধ থাকায় অফিস-আদালতগামী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে ধর্মঘট সমর্থন করে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা রুটের অন্য পরিবহন সংগঠনগুলোও যান চলাচল বন্ধ রাখলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার সড়ক যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে।যমুনা ব্যাংক মহাখালী শাখার কর্মকর্তা তানভীর আহমেদ জানান, অফিসে যেতে সকাল সাড়ে সাতটায় চাষাঢ়া থেকে একটি স্কুটারে করে তিনি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় যান। সেখান থেকে স্কুটারে করে যান সায়েদাবাদে। সায়েদাবাদ থেকে লোকাল বাসে ঝুলে অফিসে পৌঁছাতে তাঁর তিন ঘণ্টা সময় লাগে। তিনি বলেন, অনেক ভোগান্তি হয়েছে। তবু সড়কটি দ্রুত সংস্কার করা হোক।মুন্সিগঞ্জ-দীঘিরপার পরিবহনের বাসমালিক জগলুল হালদার জানান, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কটি এতটাই খারাপ যে প্রতিদিন গাড়ির এক-দুটি যন্ত্রাংশ মেরামত করতে হচ্ছে। এত বড় বড় গর্ত যে গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। অনেক সময় সড়কের মধ্যে গাড়ি বিকল হয়ে যায়।নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস (কোম্পানি) ও ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্যজোটের আহ্বায়ক মোক্তার হোসেন জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে ওই সড়ক সংস্কারের দাবিতে ২৫টি পরিবহন মালিক সংগঠন সকাল-সন্ধ্যা ধর্মঘট আহ্বান করে। মোক্তার জানান, সকালে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনূলা নূরী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম তাঁদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেন। সেই সঙ্গে সওজ ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান আজ সোমবার থেকে রাস্তা মেরামত শুরু এবং আগামী দুই মাসের মধ্যে রাস্তার সংস্কারকাজ সমাপ্ত করার আশ্বাস দিলে সকাল ১০টার দিকে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন।সওজের কর্মকর্তা মনির হোসেন পাঠান জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কটি সংস্কারের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির বিভিন্ন স্থানের ভাঙা অংশ মেরামত শুরু করেছে। সড়কটির মূল সংস্কারকাজ আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে তা দুই মাসের মধ্যে শেষ হবে।