ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। এতে ঢাকামুখী শত শত যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়। জেলা বিএনপির অভিযোগ, বিএনপির পূর্বনির্ধারিত গণমিছিলে যোগ দিতে নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের ঢাকায় যেতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এই তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখা হয়।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, নারায়ণগঞ্জের পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করেন মহাজোটের সাংসদ নাসিম ওসমান। বিএনপির নেতা-কর্মীদের ঢাকায় যাওয়া ঠেকাতে এ ধরনের কৌশল নেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা এ ধরনের কৌশলের নিন্দা জানাই।’নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ বাস-মিনিবাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তার হোসেন বলেন, ঢাকার জুরাইন এলাকায় এক বাসচালককে স্থানীয় লোকজন ধরে নিয়ে গিয়ে মারধর করে। এর প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে ওই চালককে ছেড়ে দিলে আবার বাস চলাচল শুরু হয়।পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম বলেন, এই যাত্রাপথে বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি তাঁর জানা নেই।