ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারে সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বর্ধিত বাসভাড়া ২৫ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।গতকাল বুধবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এই ঘোষণা দেয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এতে বলা হয়, গত জুনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ২২ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। তখন ফোরামের আন্দোলনের মুখে বাসমালিকেরা তিন টাকা কমিয়ে ভাড়া ২৭ টাকা নির্ধারণ করেন। কিন্তু ছয় মাস যেতে না যেতেই বেসরকারি বাসের ভাড়া তিন টাকা বাড়িয়ে আবার ৩০ টাকা এবং বিআরটিসি এসি বাসের ভাড়া ৩৪ টাকা থেকে বাড়িয়ে ৩৮ টাকা আদায় করা হয়। গত মঙ্গলবার থেকে বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে।লিখিত বক্তব্যে বলা হয়, বর্ধিত এই ভাড়া প্রত্যাহারের দাবিতে ১৮ ডিসেম্বর পেশাজীবী প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০ ডিসেম্বর জেলা প্রশাসক এবং ২২ ডিসেম্বর বিআরটিসির চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ২৫ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি দুলাল সাহা, ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংশু সাহা, বাসদের জেলা সমন্বয়ক আবু নাঈম খান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল হাসান, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় ও জেলা মহিলা পরিষদের সহসাধারণ সম্পাদক সাহানারা বেগম উপস্থিত ছিলেন।