ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদে নারায়ণগঞ্জের ৬০টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গতকাল সোমবার যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর অজুহাতে ঢাকা-নারায়ণগঞ্জের বাসভাড়া অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে যাত্রীরা বেকায়দায় পড়েছেন। তাই বর্ধিত ভাড়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে।বিবৃতিতে বলা হয়, সাধারণ বাসের (নন-এসি) ভাড়া ২২ থেকে বাড়িয়ে ৩০ টাকা ও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া ৩০ থেকে ৪০ টাকা করা হয়েছে। নাগরিক কমিটির দাবি অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব ১৭ কিলোমিটার। কিন্তু ভাড়া বাড়ানোর অনুমোদনপত্রে পরিবহন মালিকপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ সেই দূরত্ব ২০ কিলোমিটার দেখিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে, যা অনৈতিক। এই পথের ভাড়া ২৪ টাকার বেশি কোনোভাবেই হতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়, নারায়ণগঞ্জের পরিবহন খাত দীর্ঘদিন থেকে বিশেষ ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত। বিভিন্ন সরকারের শাসনামলে এসব ব্যক্তির পরিবর্তন ঘটলেও এ খাত কখনোই স্বাধীনভাবে পরিচালিত হতে পারেনি।বিবৃতিতে স্বাক্ষর দেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জি এম আরাফাত, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ, উদীচী নারায়ণগঞ্জ জেলার সভাপতি জিয়াউল ইসলামসহ ৬০টি সংগঠনের নেতারা। এর আগে বিভিন্ন রুটে বাসভাড়া নির্ধারণে বেশি দূরত্ব দেখিয়ে বিআরটিএ ও পরিবহন মালিক কর্তৃপক্ষের প্রতারণার প্রতিবাদে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। রোববার দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সভা হয়।সিএনজির মূল্যবৃদ্ধির অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষুব্ধ যাত্রীরা রোববার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ পুলে শীতলক্ষ্যা বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে পাঁচজন আহত হয়। উল্লেখ্য, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে বাসভাড়া ১০ থেকে বাড়িয়ে ১৮ টাকা করা হয়েছে।