ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব পরিমাপ করল চৌদ্দ দল
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দূরত্ব নিয়ে বিতর্কের অবসান ঘটাতে জেলা ১৪ দলের উদ্যোগে সড়কটির দূরত্ব পরিমাপ করা হয়েছে। তাদের পরিমাপ অনুযায়ী এই সড়কের দূরত্ব ১৮ কিলোমিটার। কিন্তু পরিবহন-মালিকেরা বিআরটিএর যোগসাজশে সড়কের দূরত্ব ২০ কিলোমিটার দেখিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে। জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, ‘আমরা দূরত্ব নির্ধারণে যে কমিটি করেছি, তাকে পাশ কাটিয়ে কেউ দূরত্ব নির্ধারণ করলে তা গ্রহণযোগ্য হবে না।’ নারায়ণগঞ্জ শহর ন্যাপের সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক জানান, পরিবহন-মালিকেরা দূরত্ব বেশি দেখিয়ে প্রথমে ভাড়া নির্ধারণ করেন ৩০ টাকা। এ নিয়ে বিভিন্ন সংগঠনের চাপের মুখে গত ২৪ মে জেলা প্রশাসকের সঙ্গে পরিবহনের মালিক-শ্রমিকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ননএসি বাসের ভাড়া ২৮ টাকা নির্ধারণ করা হয়। সভায় এ দূরত্ব নিয়ে বিতর্ক অবসানের জন্য একটি কমিটি গঠন করা হয়। দুই দিনের মধ্যে কমিটিকে দূরত্ব হিসাব করে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তারা এখনো সে রিপোর্ট দেয়নি। তাই জেলা ১৪ দলের উদ্যোগে রুটটির দূরত্ব পরিমাপ করা হয়।