ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে আরও এক জোড়া নতুন ট্রেন যোগ হলো। গতকাল বুধবার এ ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তবে উদ্বোধনী যাত্রায় ৩০ মিনিট বিলম্বে ছেড়েছে ট্রেনটি।গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে যুক্ত হওয়া ট্রেনটি বেলা দুইটায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ছেড়েছে আড়াইটায়। অবশ্য রেলওয়ের কর্মকর্তারা বলেন, উদ্বোধন উপলক্ষে এ বিলম্ব হয়েছে।সুরঞ্জিত সেনগুপ্ত ট্রেনে উঠে সবুজ রঙের সিগন্যাল পতাকা উড়িয়ে যাত্রা উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা ২২টি ট্রেনের সঙ্গে আরও এক জোড়া ট্রেন যুক্ত হওয়ায় নারায়ণগঞ্জের মানুষের চলাচলের সুবিধা বাড়বে। তিনি বলেন, এই পথটি দুই লাইন করার যে দাবি রয়েছে, তা-ও দ্রুত সময়ের মধ্যেই পূরণ করা হবে। ইতিমধ্যে দুই লাইন স্থাপনের দরপত্র-প্রক্রিয়া শুরু হয়েছে। মেয়র সেলিনা হায়াৎ বলেন, নারায়ণগঞ্জে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে আছে। এগুলো উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, দেশের মানুষ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। উদ্বোধন উপলক্ষে সিঙ্গেল ইঞ্জিনের সাত বগির এ ট্রেনটি গাঁদা ও গোলাপ ফুল দিয়ে সাজানো ছিল। পরে ট্রেনটিতে চড়ে গেন্ডারিয়া স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন রেলমন্ত্রীসহ অন্য কর্মকর্তারা। এ সময় স্টেশনমাস্টার এম কামরুজ্জামান ও স্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।