ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংস্কারের নির্দেশ
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) পরিদর্শনে এসে এর বেহাল অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং এ সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, মহাসড়কের দুই পাশে তোরণ নির্মাণ ও ব্যানার, ফেস্টুন লাগানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ মানুষ ব্যানার দেখে ভোট দেয় না, কাজ দেখে ভোট দেয়। তিনি বলেন, ‘ঢাকায় ঢুকতে ও বের হতে দুই ঘণ্টা সময় লাগে। এ অবস্থার অবসান ঘটাতে হবে। আমি রাতারাতি সব পরিবর্তন করতে পারব না। তবে এক বছরের মধ্যে ফল পাবেন।’ মন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সাংসদ সানজিদা খানম উপস্থিত ছিলেন। আরও ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, জেলা প্রশাসক মনোজকান্তি বড়াল, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস প্রমুখ।পরে মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও দাউদকান্দি সেতু এবং মেঘনা নদীতে ফেরি সার্ভিস চালুর কাজের অগ্রগতিও পরির্দশন করেন এবং জরুরি ভিত্তিতে এই এলাকার সেতুগুলো সংস্কারের নির্দেশ দেন। এ ছাড়া মেঘনা নদীতে এক মাসের মধ্যে ফেরি চালুর ঘোষণা দেন। এ সময় মন্ত্রী বলেন, মেঘনা সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে সেতুর অবস্থা আরও খারাপ হবে। তাই বিকল্প ফেরি চালু করে ভারী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বেহাল অবস্থা নিয়ে সম্প্রতি প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।