ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের আধা কিলোমিটার ভাঙা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া প্রান্তে আধা কিলোমিটার অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে গর্তে পানি জমে থাকায় সড়কে যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার প্রথমে পুলিশ এবং পরে গতকাল সোমবার সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ভাঙা সড়কের গর্তে ইট ফেলে অস্থায়ী সংস্কারের কাজ শুরু করে। তবে ভাঙা সড়কে যানবাহন ধীরগতিতে চলছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। এই যানজট বিস্তৃত হচ্ছে নগরীর চাষাঢ়া গোলচত্বর পর্যন্ত। চাষাঢ়া গোলচত্বর থেকে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক, নগরীর বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত যানজট বিস্তৃত হচ্ছে।
সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা বলেন, লিংক রোডের চাষাঢ়া রাইফেল ক্লাব প্রান্তে আর্মি মার্কেটের সামনে সড়কে বড় বড় গর্তে যানবাহনের চাকা আটকে যাচ্ছে। এ কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এ যানজট অন্যান্য রাস্তায় বিস্তৃত হয়ে পুরো নগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশ নিজেদের উদ্যোগে রোববার গর্তগুলোতে ইট ফেলে। সওজ কর্তৃপক্ষ গতকাল থেকে ইট ফেলে সড়ক সংস্কার করছে।