ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে বাসের ভাড়া বাড়ল
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে গতকাল মঙ্গলবার পূর্বঘোষণা ছাড়াই বাসভাড়া বাড়ানো হয়েছে। বেসরকারি বাসের ভাড়া ২৭ টাকা থেকে তিন টাকা বাড়িয়ে ৩০ টাকা এবং বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া ৩৪ টাকা থেকে চার টাকা বাড়িয়ে ৩৮ টাকা করা হয়েছে। হঠাৎ করে বাসের বর্ধিত ভাড়া আদায়কে কেন্দ্র করে গতকাল বিভিন্ন বাসের শ্রমিকদের সঙ্গে যাত্রীদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম স্থানীয় বিআরটিএ কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে। একই দাবিতে বিকেলে তারা শহরের চাষাঢ়ার কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে।প্রসঙ্গত, একাধিক পরিবহন প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক বাস ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে চলাচল করে। আর এই পথে যাতায়াত করে প্রায় দেড় থেকে দুই লাখ যাত্রী।হঠাৎ করে ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ বাস-মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তার হোসেন বলেন, নতুন করে ভাড়া বাড়ানো হচ্ছে না। গত জুন মাসের সরকারি সিদ্ধান্ত অনুযায়ীই ভাড়া আদায় করা হচ্ছে। অপরদিকে বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপোর ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, সিএনজির দাম বাড়ায় বিআরটিসির প্রধান কার্যালয়ের নির্দেশে আড়াই টাকা বাসভাড়া বাড়ানো হয়েছে। আর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শীতাতপ নিয়ন্ত্রিত বাসের টিকিটের ওপর দেড় টাকা ভ্যাট আরোপ করেছে। সবমিলে এই চার টাকা বাড়ানো হয়েছে। দেশের অন্য সব পথে আগেই বর্ধিত বাসভাড়া কার্যকর হলেও ঢাকা-নারায়ণগঞ্জ পথে গতকাল থেকে কার্যকর হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের খালাতো শ্যালক এহসানুল হাসান (নসিব পরিবহনের এমডি), ঘনিষ্ঠ সহযোগী ইব্রাহিম চেঙ্গীস (বন্ধন পরিবহনের এমডি), মুক্তার হোসেন (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ বাস মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক) নারায়ণগঞ্জের পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বেসরকারি বাসমালিক জানান, একটি চাঁদাবাজ সিন্ডিকেটের কাছে এই পথের বাসমালিকেরা জিম্মি হয়ে পড়েছেন। কাউকে চাঁদা দিতে না হলে ২০ টাকা ভাড়া আদায় করলেও মালিকদের লাভ হয়। প্রতিবাদ সমাবেশ: যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে পরিবহন খাতটি দীর্ঘদিন ধরেই একটি স্বার্থান্বেষী মহলের কাছে জিম্মি। তারা বিভিন্ন সময় তাদের ইচ্ছেমতো বাসভাড়া বৃদ্ধি করে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করে আসছে। গত মে মাসে জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়লে এই পথে বাসভাড়া পাঁচ টাকা বাড়িয়ে ২৭ টাকা করা হয়। গত অক্টোবরে সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেও বাসভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ আজ (মঙ্গলবার) বেসরকারি বাস মালিক কর্তৃপক্ষ ও সরকারি প্রতিষ্ঠান বিআরটিসি যোগসাজশ করে সিএনজিচালিত বাসসহ সব বাসের ভাড়া বাড়িয়েছে। বক্তারা অনতিবিলম্বে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহারের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জেলা সিপিবির সভাপতি দুলাল সাহা, ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংশু সাহা, বাসদের সমন্বয়ক আবু নাঈম খান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।