ঢাকা নার্সিং কলেজে ৮৫ জন পরীক্ষার্থীর মাত্র ১০ জন পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিংয়ের প্রথম ব্যাচের ফাইনাল পরীক্ষায় ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ১০ জন। প্রতি বিষয়েই ফেল করেছেন প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী। অনুত্তীর্ণ শিক্ষার্থীরা এ ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এ ধরনের ফলাফল কেন হলো, তা খতিয়ে দেখতে তাঁরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং প্রথম ব্যাচের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।শিক্ষার্থীরা জানান, যে ছাত্র ব্রিটিশ কাউন্সিল থেকে ইংরেজি কোর্সে (আইইএলটিএস) ৮ পয়েন্ট পেয়েছেন, সেই ছাত্রও ফেল করেছেন ইংরেজিতে। ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও কাল্পনিক ফলাফল না মানার ঘোষণা দিয়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। যেকোনো মূল্যে ফেল করা শিক্ষার্থীদের পাস করানোরও দাবি জানিয়েছেন তাঁরা। ছাত্রছাত্রীরা ফলাফলসংক্রান্ত বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।তাঁরা অভিযোগ করেন, কলেজে বিভিন্ন অনিয়মের কারণে দুই বছরেরও অধিক সময় ধরে প্রথম বর্ষে থাকতে হয়েছে তাঁদের। আন্দোলন করে পরীক্ষার ফলাফল পেতে হয়েছে। ফাইনাল পরীক্ষার নয় মাস পর কলেজ কর্তৃপক্ষ ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ করেছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, সরকার একটি নতুন নার্সিং কোর্স চালু করলেও প্রয়োজনীয় কোনো পৃষ্ঠপোষকতা শিক্ষার্থীরা পাচ্ছেন না। পাসের হার শতকরা ১১ ভাগ হলে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে কি না, তা নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন।কলেজের অধ্যক্ষ তাহাতুন নাহার প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ফলাফলের কারণ এখনো বুঝতে পারছি না। তবে প্রথম ব্যাচ হিসেবে কিছু প্রতিকূলতারও সম্মুখীন হতে হয়েছে শিক্ষার্থীদের।’ তিনি জানান, ময়মনসিংহ সরকারি নার্সিং কলেজে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন।