ঢাকা-নালিতাবাড়ী বাস চলাচল তিন দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসমালিক সমিতির দ্বন্দ্বের কারণে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল তিন দিন ধরে বন্ধ রয়েছে। এ কারণে এই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।নালিতাবাড়ী বাস কোচ ট্রাক মালিক সমিতি সূত্র জানায়, গত রোববার বিনা নোটিশে ঢাকার মহাখালী বাস মালিক সমিতি নালিতাবাড়ী মালিক সমিতির আটটি গাড়ি আটক করে। এ ছাড়া তারা অকারণে গাড়ি আটকসহ নানা রকম হয়রানি করে থাকে। এর প্রতিবাদে নালিতাবাড়ী বাস কোচ ট্রাক মালিক সমিতি গত সোমবার থেকে নালিতাবাড়ী-ঢাকা সরাসরি গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত অনুসারে নালিতাবাড়ী-ঢাকা বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ সড়কে বাস চলেনি। গতকাল সকালে নালিতাবাড়ী বাস টার্মিনালে কথা হয় ঢাকার যাত্রী আয়েশা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘সরাসরি ঢাকায় যেতে পারলে ভালো হতো। বাস চলাচল বন্ধ থাকায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে।’ নালিতাবাড়ী বাস কোচ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়জিৎ দত্ত বলেন, ‘রোববার বিনা কারণে আমাদের সমিতির আটটি গাড়ি আটকে দেওয়া হয়। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’ঢাকা মহাখালী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ‘তারা (নালিতাবাড়ী বাস মালিক সমিতি) আমাদের পাঁচটি গাড়ি আটক করেছে। তাই বাধ্য হয়ে তাদের গাড়ি আটক করা হয়েছে।’