ঢাকা-পটুয়াখালী নৌপথে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-পটুয়াখালী নৌপথে লঞ্চমালিকদের ডাকা ধর্মঘট গতকাল শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। এই নৌপথে চলাচলকারী লঞ্চগুলোতে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থা বৃহস্পতিবার এই ধর্মঘটের ডাক দেয়। বৃহস্পতিবার রাতে প্রশাসন এসব অপতৎপরতা বন্ধের আশ্বাস দিলে সংগঠনটি ধর্মঘট প্রত্যাহার করে।যাপের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, পটুয়াখালী এলাকার বিভিন্ন ঘাটে কতিপয় সন্ত্রাসী চাঁদাবাজি করে আসছিল। এরা লঞ্চের কর্মচারীদের টিকিট বিক্রিতে বাধা দিয়ে অতিরিক্ত টাকা নিয়ে টিকিট বিক্রি করছিল। কিছুদিন আগে চাঁদাবাজিসহ সন্ত্রাসী তৎপরতা বন্ধের জন্য ধর্মঘট করার ব্যাপারে প্রশাসনকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপর প্রশাসনের তৎপরতায় কিছুদিন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ থাকলেও পরে আবার তা শুরু হয়। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার এ নৌপথে ধর্মঘট শুরু করা হয়। এ কারণে ওই দিন সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে এই নৌপথের কোনো লঞ্চ ছেড়ে আসেনি।ছিদ্দিকুর রহমান আরও জানান, বৃহস্পতিবার রাতে ধর্মঘটের বিষয় নিয়ে তাঁদের পক্ষ থেকে পটুয়াখালীর জেলা প্রশাসক ও রাজনীতিবিদদের সঙ্গে কথা হয়। তাঁরা লঞ্চে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা বন্ধের আশ্বাস দেন। পরে সংগঠনের ঢাকা কার্যালয়ে গতকাল বৈঠক করে লঞ্চমালিকেরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ওই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সন্ধ্যায় সদরঘাট থেকে যথানিয়মে নির্ধারিত লঞ্চগুলো পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, লঞ্চমালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে লঞ্চে চাঁদাবাজিসহ অন্যান্য সন্ত্রাসী তৎপরতা বন্ধের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ঘটনা যাতে আর না ঘটে, এ ব্যাপারে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।