ঢাকা-পটুয়াখালী নৌপথে লঞ্চ ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা আদায় ও লঞ্চের কর্মীদের মারধরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-পটুয়াখালী নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন লঞ্চের মালিকেরা।সূত্র জানায়, এই নৌপথে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল সংস্থা (যাপ) গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদপ্তরের চেয়ারম্যান কাছে লিখিত অভিযোগ দেয়। এর পরও চাঁদার দাবিতে মারধরসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় গতকাল সন্ধ্যায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় লঞ্চমালিকদের সংগঠন।যাপের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, পটুয়াখালী ও বগা লঞ্চঘাটে সন্ত্রাসীরা প্রতিটি লঞ্চ থেকে প্রতিদিন জোরপূর্বক তিন হাজার টাকা চাঁদা আদায় করছে। এ ছাড়া সন্ত্রাসীরা টিকিট না কাটা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে নিজেরা নিয়ে নিচ্ছে। লঞ্চের কেরানি কিংবা কর্মীদের টিকিট বিক্রি করতে না দিয়ে প্রতিটি টিকিট কাউন্টারে প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে কেবিনের টিকিট বিক্রি এবং প্রতিটি টিকিট থেকে ২০০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। এ ছাড়া লঞ্চে পরিবহন করা মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।ছিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, এ অবস্থায় তাঁরা বাধ্য হয়ে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।