ঢাকা-পটুয়াখালী লঞ্চ চলাচল বন্ধ চার দিন, ভোগান্তি
পটুয়াখালী-ঢাকা পথে লঞ্চ চলাচল চার দিন ধরে বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। চাঁদা না দেওয়ায় পটুয়াখালী নদীবন্দরে বৃহস্পতিবার সুন্দরবন-৬ নামের লঞ্চের একজন কর্মকর্তা স্থানীয় সন্ত্রাসীদের হামলায় আহত হন। এ হামলার প্রতিবাদে এবং নিরাপত্তাহীনতার কারণে ওই দিন থেকেই লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকেরা। লঞ্চমালিক ও কর্মচারীদের সূত্রে জানা গেছে, সুন্দরবন-৬ লঞ্চটি বৃহস্পতিবার সকালে পটুয়াখালী বন্দরে পৌঁছলে একদল সন্ত্রাসী লঞ্চের তত্ত্বাবধায়ককে (সুপারভাইজার) মারধর করে। ঘটনার পর এই পথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার পটুয়াখালী-ঢাকা নৌপথের সমন্বয়কারী আবুল কালাম খান জানান, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা পটুয়াখালী লঞ্চঘাটে তাঁদের লঞ্চগুলোতে হামলা চালাচ্ছে। ইতিপূর্বে লঞ্চ থেকে সন্ত্রাসীরা প্রতিদিন জোর করে চাঁদা আদায় করত। টিকিট না-কাটা যাত্রীদের কাছ থেকে তারা ভাড়া আদায় করত। এতে বাধা দিলে লঞ্চের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হতো। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে তাদের সংগঠনের পক্ষ থেকে গত ২০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। এর পরও সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় গত ১৮ অক্টোবর থেকে ঢাকা-পটুয়াখালী পথে লঞ্চ ধর্মঘট শুরু করে মালিক সমিতি। সন্ত্রাসী তৎপরতা বন্ধে প্রশাসন আশ্বাস দিলে পরের দিন মালিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। এরপর প্রায় দুই মাস সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ছিল। কিন্তু বৃহস্পতিবার সন্ত্রাসীরা লঞ্চের একজন কর্মকর্তাকে মারধর করায় মালিকেরা আবারও লঞ্চ চলাচল বন্ধ করে দেন। তিনি আরও জানান, লঞ্চ কর্মচারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি পটুয়াখালী বন্দরের উপপরিচালকসহ প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা পেলেই লঞ্চ চলাচল শুরু হবে।বন্দরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এই পথে লঞ্চ চলাচল শুরুর ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতারাসহ লঞ্চমালিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে কবে পুনরায় লঞ্চ চলাচল শুরু হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।