ঢাকা পলিটেকনিকে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক ছাত্রাবাসে গতকাল বুধবার রাতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে লতিফ ছাত্রাবাসের ডাইনিংয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি জাকির হাসানের সমর্থক রাহীদ খেতে যান। এ সময় বসা নিয়ে সাধারণ সম্পাদক রাকিব হাসানের এক সমর্থকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে শিল্পাঞ্চল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে চিকিৎসাধীন রাহীদ জানান, ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের এক সমর্থক গায়ে পড়ে তাঁর সঙ্গে তর্কে লিপ্ত হন। তিনি এর প্রতিবাদ করলে প্রথমে তাঁর সঙ্গে হাতাহাতি ও পরে দুই পক্ষে সংঘর্ষ বাধে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, বসা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।