ঢাকা পলিটেকনিকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত
রাজধানীর তেজগাঁও এলাকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চার কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় তড়িত প্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র কবির (২২) ও পুরকৌশল বিভাগের ছাত্র তুহিনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসের ফটকের সামনে এক তরুণীর সঙ্গে ছাত্রলীগের একজন কর্মী অসৌজন্যমূলক আচরণ করেন। এ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ রড, চাপাতি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কবির ও তুহিনসহ অন্তত ছয়জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বাকি চারজনকে তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বলেন, এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।