ঢাকা-পার্বতীপুর বিশেষ ট্রেন ১৩ অক্টোবর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-পার্বতীপুর-ঢাকা রেলপথে বিশেষ ট্রেন ১৩ অক্টোবর থেকে চলাচল করবে। ঈদে ঘরমুখী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে ১১ অক্টোবর থেকে এ পথে চলাচলকারী কোনো ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। আন্তনগর ট্রেন নীলসাগর, দ্রুতযান ও একতা এক্সপ্রেস ট্রেনের চলাচল স্বাভাবিক থাকবে।
বর্তমানে আন্তনগর নীলসাগর, দ্রুতযান ও একতা এক্সপ্রেস ট্রেন এ পথে নিয়মিত চলাচল করছে। পার্বতীপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার শেখ আবদুল জব্বার গতকাল সোমবার দুপুরে বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ ঢাকা-পার্বতীপুর-ঢাকা রেলপথে ঈদ বিশেষ ট্রেন নামে একটি আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পার্বতীপুর রেলস্টেশন থেকে ঈদের বিশেষ ট্রেনটি ঈদের আগের তিন দিন অর্থাৎ ১৩ অক্টোবর থেকে ঈদের পরের সাত দিন চলাচল করবে।
তিনি আরও বলেন, ট্রেনটি ঈদের এ কয়েক দিন পার্বতীপুর স্টেশন থেকে সকাল ছয়টা ৪৫ মিনিটে ছাড়বে এবং ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে বেলা তিনটা ৪০ মিনিটে। আবার সেখানে এক ঘণ্টা ৪০ মিনিট অবস্থান করার পর বিকেল পাঁচটা ২০ মিনিটে পার্বতীপুরের উদ্দেশে ঢাকা ছাড়বে। রাত তিনটায় পার্বতীপুরে পৌঁছাবে।
হিলি রেলওয়ের স্টেশনমাস্টার ইমদাদুল ইসলাম বলেন, বিশেষ ট্রেনের নয়টি বগিতে আসনসংখ্যা হবে ৬৪০টি। ট্রেনে চেয়ার ও সাধারণ নামে দুটি শ্রেণী থাকবে। টিকিটের মূল্য ধরা হয়েছে চেয়ার ৪০৫ টাকা এবং সাধারণ ৩৪০ টাকা।