জাতীয় পর্যায়ে রোবটিকস প্রতিযোগিতা ‘রোবলিউশন-২০১৭’-এর একটি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) দল।
গত শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমআইএসটিতে অনুষ্ঠিত হলো রোবলিউশন। সাতটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এগুলো হচ্ছে লাইন ফলোয়ার রেসিং, ব্যাটল অব বোটস, সলিড ওয়ার্কস ডিজাইন, প্রজেক্ট শোকেসিং, পোস্টার উপস্থাপনা, কোয়াড কপ্টার চ্যালেঞ্জ ও রুবিকস কিউব প্রতিযোগিতা।
লাইন ফলোয়ার রেসিংয়ে ৫৮টি দল অংশ নেয়। এ ইভেন্টে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিনো আলফা চ্যাম্পিয়ন এবং নিউট্রিনো বেটা দ্বিতীয় রানার্সআপ হয়। নিউট্রিনো আলফা দলের সদস্য ছিলেন দানিয়াল ইসলাম (টিম লিডার), মনোয়ার হোসেন, তাসলিমা আক্তার। নিউট্রিনো বেটা দলের সদস্য ছিলেন মিঠুন চন্দ্র দাস (টিম লিডার), মো. আসাদুজ্জামান নূর ও রাজন চন্দ্র দেবনাথ।
উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সক্ষম করে তুলতে দেশের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা হচ্ছে রোবলিউশন। রোবটিকসে (রোবট প্রযুক্তি) আগ্রহীদের মধ্যে প্রযুক্তির বিভিন্ন শাখায় নিত্যনতুন উদ্ভাবন করাই হচ্ছে প্রতিযোগিতা রোবলিউশনের মূল উদ্দেশ্য।