ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় না বললেই চলে!
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সম্প্রসারণ নামে একটি দপ্তর আছে। সেখানে আছেন পরিচালক ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। দপ্তরটির মূল দায়িত্ব হলো গবেষণার কাজ পরিচালনা করা। কিন্তু সেখানে গবেষণার কাজ হয় না বললেই চলে। এ কারণে শিক্ষার্থীরা সত্যিকারের প্রকৌশলশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।গবেষণার কাজ না থাকায় এই দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রচার ও প্রকাশনার কাজ এবং যানবাহন শাখা নিয়ন্ত্রণ করা হয়।গবেষণা ও সম্প্রসারণ পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর (২০০৩) পর থেকে আজ পর্যন্ত তেমন কোনো গবেষণার কাজ হয়নি। শিক্ষকদের তত্ত্বাবধানে শুধু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা কিছু গবেষণা করে থাকেন। সেটাও রুটিনওয়ার্ক মাত্র।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে গত বছর গবেষণাকাজের জন্য আট লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর আগের বছর বরাদ্দ ছিল মাত্র পাঁচ লাখ টাকা, যা ছিল চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। অর্থসংকটের পাশাপাশি রয়েছে লোকবলের সংকট। দপ্তরটিতে বর্তমানে একজন পরিচালক, একজন কর্মকর্তা ও দুজন কর্মচারী রয়েছেন। অথচ সেখানে উপপরিচালক, সহকারী পরিচালকসহ আরও সাতটি পদ খালি আছে। এসব পদে কোনো লোকই নিয়োগ দেওয়া হয়নি।ওই দপ্তরের পরিচালক মোহাম্মদ আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, শিক্ষকদের কাছ থেকে প্রতিবছর গবেষণাকাজ আহ্বান করা হয়। কিন্তু খুব একটা সাড়া পাওয়া যায় না। এর পরও অনেকে গবেষণাকাজের প্রস্তাব জমা দেন। কিন্তু বরাদ্দের পরিমাণ এতই কম যে এই দিয়ে একটা গবেষণাকাজও করা যায় না। এ ছাড়া, এই টাকা উত্তোলনের প্রক্রিয়ায়ও বেশ জটিলতা রয়েছে। এসব কারণে শিক্ষকেরা গবেষণায় আগ্রহ হারিয়ে ফেলেন। অল্প টাকা দিয়ে দু-একজন যে ধরনের গবেষণা করেন, তা প্রকৃত অর্থে গবেষণার পর্যায়ে পড়ে না।ওই দপ্তরের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গবেষণার জন্য গত বছর বরাদ্দ দেওয়া টাকার অন্তত ছয় লাখ টাকা পড়ে আছে। তা কোনো কাজেই লাগানো হয়নি।বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, গবেষণা করার ইচ্ছা তাঁদের আছে। কিন্তু শিক্ষক-সংকটের কারণে তাঁদের অতিরিক্ত ক্লাস নিতে হয়। এর বাইরে রয়েছে বাড়তি দাপ্তরিক কাজের ঝামেলা। গবেষণা করতে প্রয়োজনীয় অর্থ, গবেষণাগার ও অন্যান্য সমস্যা তো আছেই।প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টির কোনো বিভাগেই গবেষণার কাজ তেমন একটা হয় না। মাঝেমধ্যে নামে মাত্র কিছু গবেষণার কাজ হয়। বিশ্ববিদ্যালয় হওয়ার পর এই পর্যন্ত মাত্র দুটি জার্নাল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা-সহায়ক কোনো সেমিনার কিংবা কর্মশালারও আয়োজন করা হয় না। তাই শিক্ষার্থীরা সত্যিকার প্রকৌশলশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।তড়িৎ কৌশল অনুষদের অধীনে রয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ। এই অনুষদের ডিন মোহাম্মদ আবদুল মান্নান বলেন, শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদানের জন্য গবেষণার বিকল্প নেই। কিন্তু সেখানে কোনো গবেষণা হয় না। এর কারণ, গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ, যন্ত্রপাতি ও উন্নত গবেষণাগার নেই। তা ছাড়া শিক্ষকস্বল্পতার কারণে বাড়তি ক্লাস ও অন্যান্য দাপ্তরিক ঝামেলায় পড়ে শিক্ষকেরা গবেষণার জন্য সময় পান না। অন্যদিকে স্বল্প বেতনের কারণে অনেক শিক্ষককে বাড়তি রোজগার করতে হয়। গবেষণাকাজ না হওয়ার পেছনে এটাও একটা কারণ বলে তিনি মনে করেন।যন্ত্রকৌশল অনুষদের (যন্ত্রকৌশল ও টেক্সটাইল কৌশল বিভাগ) ডিন মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বিশ্ববিদ্যালয়টি খুব অল্প দিন হলো যাত্রা শুরু করেছে। এখনো সেভাবে গবেষণার পরিবেশ তৈরি হয়নি। ব্যবহারিক গবেষণাগারে অত্যাধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। যেগুলো আছে তা মান্ধাতা আমলের। তা দিয়ে গবেষণা তো দূরে থাক, শিক্ষার্থীদের ঠিকমতো ক্লাসও নেওয়া যায় না।তবে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কিছু শিক্ষক গবেষণা করতে আগ্রহী। আবার এমন অনেক শিক্ষক আছেন, যাঁরা গবেষণা তো দূরে থাক, ফাঁকিবাজি করে কোনো রকমে দায়সারাভাবে ক্লাস নিতে পারলেই বাঁচেন। শিক্ষার্থীদের অভিযোগ, ‘ওই সব শিক্ষক উপরি আয় করতে বেশির ভাগ সময়ই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানে ছুটতেই ব্যস্ত। আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম নিয়ে তাঁদের আগ্রহ কম।’শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে চান। অনেকেই ইতিমধ্যে নতুন প্রযুক্তি উদ্ভাবন করে সাড়া ফেলেছেন। কিন্তু কর্তৃপক্ষের সহযোগিতার অভাবে তাঁরা অগ্রসর হতে পারছেন না।গবেষণা কম হওয়ার সত্যতা নিশ্চিত করে উপাচার্য এম সবদার আলী বলেন, কম বরাদ্দ ও অন্যান্য প্রতিকূলতা এ জন্য দায়ী। তবে আশার কথা, সম্প্রতি কিছু শিক্ষক গবেষণার কাজ শুরু করেছেন।