ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাক্সসহ দরপত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল বৃহস্পতিবার বাক্সসহ দরপত্র ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রীতম চন্দ্র মজুমদারকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রীতম বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের জরুরি এক সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ৩৫ লাখ টাকার ওই দরপত্র বাতিল করে আবার দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের সংস্কারকাজের জন্য সমপ্রতি ৩৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। দুপুরের দিকে ছাত্রলীগের নেতা প্রীতমের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডার ও বহিরাগতরা উপাচার্যের কক্ষের সামনে রাখা দরপত্র ফেলার বাক্স ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে লাঞ্ছিত করে তারা।ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে একতা সুপার মার্কেটে দরপত্র নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের একটি বৈঠক হয়। সেখানে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক এক নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে গতকাল অনেকেই দরপত্র জমা দেন। কাজটি পাবেন না—এমন আশঙ্কায় ওই নেতার ইন্ধনে দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে সূত্রটি জানায়।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি প্রীতম চন্দ্র মজুমদার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দরপত্রের বাক্স ছিনতাইয়ের সময় তিনি ক্যাম্পাসেই ছিলেন না। এর পরও তাঁকে দোষারোপ করা মানে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা।বিশ্ববিদ্যালয়ের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি মুখলেসুর রহমান দরপত্র ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, এভাবে একের পর দরপত্র নিয়ে ঝামেলা হওয়ায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজও বাধাগ্রস্ত হচ্ছে।