ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 'ডুয়েট ডে' পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৩তম বর্ষপূর্তিতে ‘ডুয়েট ডে’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাস মুখরিত ছিল। গোটা ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল সাজে। সকাল থেকেই ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জমজমাট আড্ডা বসে।
সকালে পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন। এর আগে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। উপাচার্যের নেতৃত্বে পুরোনো একাডেমিক ভবনের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন। বিকেলে শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপাচার্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান।