ঢাকা ফাঁকা, মহাসড়কে জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রায় ফাঁকা হয়ে এসেছে। মতিঝিল, গুলিস্তান ও ফার্মগেটের মতো রাজধানীর ব্যস্ত এলাকাগুলো অনেকটাই স্বকীয়তা হারিয়েছে। বিপরীত চিত্র দেখা যায় রাজধানীর তিনটি বাস টার্মিনালে। সেখানে নতুন লোক জড়ো হচ্ছে, পুরোনোরা ছেড়ে যাচ্ছে।
তবে যতটা দ্রুতগতিতে ছেড়ে যাওয়ার আশা করে ঘরমুখো মানুষ টার্মিনালে আসছেন, মহাসড়কে যানজটের কারণে তা আর হয়ে উঠছে না। তাই আনন্দের যাত্রার শুরুতেই যাত্রীদের একটা বড় অংশকে টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে। যাত্রীদের চোখে-মুখে সড়কপথে দীর্ঘ ভ্রমণের শঙ্কা ফুটে উঠলেও কাউকে হা-হুতাশ করতে দেখা যায়নি।
গতকাল শনিবার বেলা একটা। গাবতলী বাস টার্মিনালের উল্টোদিকে হানিফ পরিবহনের নিজস্ব টার্মিনালে একটি বাস দিনাজপুরের পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাসে যাত্রী ধারণক্ষমতা ৪০ জনের। কিন্তু তখনো টার্মিনালে চার-পাঁচ শ যাত্রী বাসের জন্য দাঁড়ানো। আগের রাতে বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে একাধিক দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ার ঘটনা ঘটে। এর ফলে গাজীপুরের চন্দ্রা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটারজুড়ে গতির জড়তা তৈরি হয়।
রাজশাহীর টিকিট কেটে বাসের অপেক্ষায় থাকা বিপ্লব হোসেন বলেন, সকাল নয়টার বাস সাড়ে ১২টায় ছেড়ে গেছে। তিনি ১১টার বাসের টিকিট কেটে বসে আছেন।
এ বিষয়ে হানিফ পরিবহনের দিনাজপুরের বাসের চালক মমিনুল হক বলেন, গাজীপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুরোটা মহাসড়কই যানজটে স্থবির হয়ে আছে। তবে দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।
গাবতলী বাস টার্মিনালের ভেতরে গিয়ে দেখা গেছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পথের বাসগুলোও তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে। ঢাকা-ফরিদপুর পথের কমফোর্ট লাইন পরিবহনের টিকিট কেটে টার্মিনালে অপেক্ষায় ছিলেন শারমীন সুলতানা। তিনি বলেন, সব বাসই দেরিতে ছাড়ছে। তাঁর বাসও দেরিতে ছাড়বে, সেই মানসিক প্রস্তুতি তাঁর রয়েছে।
কমফোর্ট লাইন পরিবহনের কর্মী মোস্তাফা কামাল বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজটের কারণে সময়মতো বাস আসতে পারছে না।
গাবতলী টার্মিনাল থেকে উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণের জেলাগুলোতে বাস চলাচল করে। বেলা সাড়ে তিনটায় মহাখালী বাস টার্মিনালে এনা পরিবহনের কাউন্টারের সামনে অন্তত ৩০০ মানুষের লাইন। সবাই টিকিট চান। মাহবুবুর রহমান বলেন, ময়মনসিংহের বাসের জন্য আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকিট কেটেছেন। কিন্তু আটটি বাস যাওয়ার পর বাসে উঠতে হবে তাঁকে। লাইনে দাঁড়ানো মাহফুজুল ইসলাম বলেন, এক ঘণ্টা ধরে তিনি টিকিটের জন্য অপেক্ষা করছেন। সামনে এখনো প্রায় ২০০ টিকিট-প্রত্যাশী।
মহাখালী টার্মিনালে বগুড়া পথের শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টারের সামনেও প্রায় ১০০ যাত্রীকে অপেক্ষায় থাকতে দেখা যায়। এদের মধ্যে গোলাম রব্বানী বলেন, গাবতলী টিকিট না পেয়ে এখানে এসেছেন। পথে যানজটের কারণে সব বাসই দেরিতে আসছে। তাই অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই।
মহাখালী টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেটসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাস চলাচল করে। এদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম, বৃহত্তর নোয়াখালী ও সিলেটের পথের বাসের যাত্রা অনেকটা নির্বিঘ্নই চলছে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
পথে যানজট: মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের টাঙ্গাইল অংশে শুক্রবার বিকেলে যান চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইলের করটিয়া ও দেলদুয়ারে দুটি ট্রাক বিকল হলে রাস্তার অর্ধেক বন্ধ হয়ে যায়। এর জের ধরে গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। যানবাহন বিকল-দুর্ঘটনার কারণে গত সোমবার রাত থেকেই এই মহাসড়কে ভোগান্তি লেগে আছে।
যানজটে আটকা পড়া পোশাক কারখানার কর্মী বাবু ও মতিন বলেন, বগুড়ার শেরপুর যেতে তাঁরা একটি বাস ভাড়া করে যানজট এড়াতে গাজীপুর থেকে বিকল্প পথে কালিয়াকৈর পৌঁছান। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মহাসড়কে উঠেই ৩০ কিলোমিটার পাড়ি দিয়েছেন চার ঘণ্টায়। রংপুরগামী শ্যামলী পরিবহনের যাত্রী মুকদম আলী বলেন, ঢাকা থেকে সকাল আটটায় রওনা দিয়ে মির্জাপুর এসেছেন সাড়ে ছয় ঘণ্টায়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও কড্ডা এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এরপর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এর জের ধরে সেতুর পূর্ব প্রান্তে অর্থাৎ টাঙ্গাইল অংশেও যানজট ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে থাকে।
মহাসড়কের গাজীপুর ও টাঙ্গাইল অংশে যানবাহন বিকল-দুর্ঘটনার কারণে গত সোমবার থেকেই যানজট হচ্ছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, ঈদ উপলক্ষে অনেক লক্কড়-ঝক্কড় যানবাহন নেমে গেছে। অনেক চালক আগে যাওয়ার জন্য পাল্লা দেয়। যানবাহনের সংখ্যাও বেড়েছে। ধীরগতি হলেও মহাসড়ক চালু রাখা হয়েছে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সারা দিনই মাওয়া ঘাট থেকে দুই কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। ফেরির সংখ্যার তুলনায় যানবাহন আসার গতি বেশি থাকায় দুপুর ১২টার দিকে ৫০০ গাড়ি পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। ফরিদপুরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত গাড়ি নিয়ে সকাল নয়টায় মাওয়া ঘাটে এসেছেন। কিন্তু বেলা একটাও ফেরিতে উঠতে পারেননি।