ঢাকা ফিরেছে আগের চেহারায়

আজ রোববার ঘড়ির কাঁটায় তখন সকাল আটটা। মানুষের অবিশ্রান্ত ছোটাছুটি, বাজারে ব্যস্ত বিকিকিনি, ঘুমকাতুরে স্কুলপড়ুয়া শিশুদের নিয়ে মায়েদের ছোটাছুটি, স্রোতের মতো মোটরযানের ছুটে চলা—সবাই আবার ঢাকার পরিচিত ব্যস্ত জীবনে ফিরে গেছেন। ঢাকাও ফিরে পেয়েছে আগের চেহারা। ৬ আগস্ট থেকে ঈদের ছুটি, হরতাল—সব মিলিয়ে গতকাল শনিবার পর্যন্ত ঢাকায় লোকজনের উপস্থিতি স্বাভাবিক সময়ের চেয়ে বেশ কম ছিল। তাই ঢাকাও ছিল বেশ ফাঁকাই। তবে সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা সাময়িক এই রূপ থেকে বের হয়ে পুরোনো অবস্থায় ফিরে গেছে।
সরগরম ধানমন্ডি-কলাবাগান এলাকা
রাজধানীর ধানমন্ডি এলাকা আজ সকাল থেকেই ছিল সরগরম। এই এলাকার স্কুল খুলেছে আজ। গ্রীষ্মকালীন ছুটি, রোজা ও ঈদের দীর্ঘ বন্ধ শেষে আবার ব্যস্ততা শুরু হলো অভিভাবকদের। কেউ এতে খুশি, কেউ বা ফেলে আসা সময়ের জন্য হাপিত্যেশ করছেন। অনেক অভিভাবক সন্তানকে ঘুম থেকে তুলতে গিয়ে নাকাল হয়েছেন বলে অনুযোগ করলেন। নুসরাত সুলতানা নামের এক অভিভাবক প্রথম আলো ডটকমকে বলেন, স্কুল খোলায় তিনি খুশি। স্কুলে তাঁর সন্তান ভালো সময় কাটায়, বাসায় সারা দিন ‘এখন আমি কী করব মা’ বলে অস্থির করেছে এত দিন।
রবীন্দ্র সরোবরে গোটা রোজার মাসেই লোকজনের তেমন ভিড় ছিল না। ঈদের সময়ও চা-শিঙাড়া তেমন বিক্রি হয়নি। শিঙাড়া বানাতে বানাতে একগাল হেসে মো. আবদুল হাকিম বললেন, আজ কমপক্ষে ৬০০ শিঙাড়া বানাবেন। আর চা বানাতে হবে অনেক কাপ।
বউবাজারে আজ ছিল বেশ ভিড়। মাছ বিক্রেতা রুহুল আমিন জানালেন, পাঁচ দিন আগে ফরিদপুর থেকে ঢাকা ফিরলেও বেচাকেনা হয়নি। হরতালের জন্য অনেকেই নির্ধারিত ছুটির পরও এলাকায় রয়ে গিয়েছিলেন। বাজারেও তাই লোকজন কম ছিল।
কর্মচাঞ্চল্য ফিরেছে ব্যাংকপাড়ায়
ঈদের ছুটির পর কর্মচাঞ্চল্য ফিরেছে মতিঝিলের ব্যাংকপাড়ায়। ঈদুল ফিতরের পর ১১ আগস্ট অফিস-আদালত খুললেও দুই দিন হরতাল ও এক দিন সরকারি ছুটি থাকায় মূলত আজ রোববার থেকে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে।
বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত সপ্তাহে মতিঝিলের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গ্রাহক উপস্থিতি অনেক কম ছিল। এ ছাড়া অনেক কর্মকর্তা-কর্মচারীও ছুটিতে ছিলেন। তবে আজ থেকে অধিকাংশ কর্মকর্তা-কর্মাচারী কর্মস্থলে যোগ দিয়েছেন। আজ গ্রাহকের উপস্থিতিও তুলনামূলক বেশি।
মতিঝিলের বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা যোবাইর হোসাইন প্রথম আলো ডটকমকে বলেন, গত সপ্তাহে ওই ব্যাংকে গ্রাহকের উপস্থিতি অনেক কম ছিল। এ ছাড়া দুই দিন হরতালের কারণে অনেকটা ছুটির আমেজ ছিল সেখানে। তবে আজ গ্রাহকদের উপস্থিতি বেশ বেড়েছে। সকাল থেকেই গ্রাহকেরা আসছেন এবং তাঁদের কাজ সারছেন বলেও জানান তিনি।
দৈনিক বাংলা মোড়ে অবস্থিত অগ্রণী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য ও করপোরেট শাখার কর্মকর্তা মো. শাহাবুদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ঈদের ছুটির পর আজ এই শাখার কর্মকর্তা-কর্মচারীরা সবাই অফিসে এসেছেন। এই শাখার কার্যক্রম পুরোদমে চলছে। গ্রাহকদের উপস্থিতিও ভালো।
এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি মতিঝিলের মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোতেও আজ গ্রাহকের উপস্থিতি তুলনামূলক বেড়েছে। একটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তা ওয়াজিউদ্দিন জানালেন, গত সপ্তাহে শেয়ারবাজারের কার্যক্রম শুরু হলেও গ্রাহকের উপস্থিতি কম ছিল। তবে আজ গ্রাহকের উপস্থিতি বেড়েছে।
লোক সমাগম বাড়ায় খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরা। মতিঝিলের জীবন বীমা টাওয়ারের নিচের পান ও সিগারেটের দোকানি আলাউদ্দিন জানালেন, গত সপ্তাহের তুলনায় আজ সকাল থেকেই কেনাবেচা বেশ ভালো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা ফেরেনি পুরোনো চেহারায়
এখনো পুরোনো চেহারায় ফেরেনি ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত ও নিউমার্কেটের মতো জনাকীর্ণ এলাকা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় খুললেও চালু হয়নি হলগুলোর ক্যানটিন ও ডাইনিং। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
আজ বেলা ১১টার দিকে নীলক্ষেত ও নিউমার্কেটের দোকানিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদের পর মার্কেটে ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। দোকানের সহকারীরা এখনো এসে পৌঁছাননি। তবে ঢাকা কলেজের সামনে, বলাকা সিনে ওয়ার্ল্ডের সামনে সেই চিরচেনা ভিড় লক্ষ করা গেছে।