জ্বালানিনিরাপত্তা, বিদ্যুৎসংকটের সমাধান ও জাতীয় সম্পদের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠাসহ সাত দফা দাবিতে ২৪ থেকে ৩০ অক্টোবর ঢাকা-ফুলবাড়ী লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল মঙ্গলবার মৈত্রী ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি দিয়ে কেয়ার্ন এনার্জির সঙ্গে সম্পাদিত চুক্তিকে সরকারের ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ বলে মন্তব্য করা হয়। কমিটি বলছে, এ চুক্তির ফলে গ্যাসের দাম বাড়বে এবং দেশের শিল্প ও বিদ্যুৎ খাত আরও প্রতিকূলতার সম্মুখীন হবে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর মুক্তাঙ্গন থেকে লংমার্চ শুরু হবে। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর হয়ে ৩০ অক্টোবর দিনাজপুরের ফুলবাড়ীতে মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লংমার্চ কর্মসূচি। এর আগে কর্মসূচি সফল করতে ১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশের সব অঞ্চলে সাংগঠনিক প্রথা পালন এবং ঢাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হবে।তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন। লিখিত বক্তব্য পড়ে শোনান সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। এ ছাড়া বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, রুহিন হোসেন, বজলুর রশীদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।