বেসরকারি ল্যান্ডফোন (পিএসটিএন) ঢাকা ফোন ও র্যাংকসটেল লিমিটেডের সুইচরুম গতকাল মঙ্গলবার খুলে দেওয়া হয়েছে। গতকাল বিকেল সোয়া চারটা নাগাদ এ প্রতিষ্ঠান দুটির সুইচরুম খোলার অনুমতি দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সুইচরুম খোলার অনুমতিপত্র সঙ্গে নিয়ে বিটিআরসির একটি দল প্রতিষ্ঠান দুটির সিলগালা খুলে দেয়। তবে বেসরকারি আরেক ল্যান্ডফোন কোম্পানির সঙ্গে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবহারের সংশ্লিষ্টতার অভিযোগে বিটিআরসি রাজধানীর মতিঝিলে রাজউক এনেক্স ভবনে অবস্থিত ন্যাশনাল ফোনের সুইচরুম বন্ধ (সিল) করে দিয়েছে। তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিটিআরসির মহাপরিচালক মো. আহসান হাবিব খান প্রথম আলোকে জানান, দিনভর বিটিআরসি-র্যাব এ অভিযান পরিচালনা করেছে। এ সময় সুইচরুমের গ্রাহকসংখ্যা ও কল ট্রাফিকের মধ্যে বিরাট বৈষম্য খুঁজে পান বিটিআরসির প্রকৌশলীরা। এ বৈষম্য থেকেই প্রমাণ করে যে ন্যাশনাল ফোন অবৈধ ভিওআইপির সঙ্গে সংযুক্ত। তিনি জানান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে জানান, র্যাংকসটেল লিমিটেড ও ঢাকা ফোনের সুইচরুম খোলা হয়েছে। র্যাংকসটেলের প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম শামসুদ্দিন জানান, সুইচরুম খুলে দিলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম চালু করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতাসম্পন্ন প্রধান দুই কর্মকর্তা শেখ কামরুজ্জামান ও মমিনুর রহমান এখনো কারাগারে রয়েছেন। তাঁদের ছাড়া সুইচরুমের এসব স্পর্শকাতর যন্ত্রপাতি চালু করা বিপজ্জনক হতে পারে।’অবৈধভাবে ভিওআইপি ব্যবহারের অভিযোগে গত ১৫ মার্চ ঢাকা ফোন এবং ১৯ মার্চ র্যাংকসটেলের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয়েছিল ঢাকা ফোনের এবং র্যাংকসটেলের মালিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের। একই অপরাধে গত ১৭ মার্চ ওয়ার্ল্ডটেল এবং ২১ মার্চ পিপলসটেলের সুইচরুম সিলগালা করে দেয় বিটিআরসি। এদিকে পিপলসটেলের সুইচরুম বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার হাইকোর্ট রুল জারি করেছেন। পিপলসটেলের সুইচরুম বন্ধ করা কেন অবৈধ নয়, তা আগামী দুই সপ্তাহের মধ্যে বিটিআরসিকে জানাতে বলেছেন আদালত। বিটিআরসির হিসাবে ঢাকা ফোনের গ্রাহক ৭৭ হাজার ৭৬৫, র্যাংকসটেলের গ্রাহক তিন লাখ ৭৮২, ওয়ার্ল্ডটেলের গ্রাহক ১৪ হাজার ২৬১ এবং পিপলসটেলের গ্রাহকসংখ্যা এক লাখ ৬১ হাজার ৬৩ জন।