বিটিআরসির দেওয়া টেলিফোন লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসাসংক্রান্ত মামলায় ঢাকা ফোনের চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক কে এম শহিদুল্লাহর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।এ ছাড়া ঢাকা ফোনের মহাব্যবস্থাপক হারুন আল আতাহার, ব্যবস্থাপক একরামুল হক ও হরি পোদ্দারকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার এ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।একই সঙ্গে গতকাল ঢাকা ফোনের চেয়ারম্যানসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত। মহানগর হাকিম সৈয়দা মিনহাজ উম মুনিরা এই আদেশ দেন।গতকাল বটিআরসির কনিষ্ঠ পরামর্শক কাউসার আহমেদ বাড্ডা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ টি এম হায়াতুজ্জামান ও কে এম শহিদুল্লাহকে মামলা তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অবৈধ ব্যবস্থা রাখার অভিযোগে গত রোববার রাজধানীর মহাখালীর রূপায়ণ টাওয়ারে অভিযান চালিয়ে এ পাঁচজনকে আটক করে র্যাব ও গোয়েন্দা পুলিশ। আরও সরঞ্জামাদি উদ্ধার: গতকাল শান্তিনগরের আল আমিন টাওয়ারের তিন নম্বর ভবন থেকে ভিওআইপির কাজে ব্যবহূত ৫০ লাখ টাকার বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার ও নূর আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হাতিরপুল এলাকার নাহার প্লাজার দশম তলার একটি কক্ষ থেকে আরও প্রায় ২৫ লাখ টাকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ সময় আবদুর রব নামের একজনকে গ্রেপ্তার করা হয়।