ঢাকা-ফ্রাঙ্কফুর্ট পথে বিমানের চলাচল সাময়িক বন্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমাগত লোকসানের কারণে ঢাকা-ফ্রাঙ্কফুর্ট পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ চলাচল আগামী ১ নভেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। বিমান বাংলাদেশ থেকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো নথিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় সংসদ ভবনে আজ সোমবার অনুষ্ঠেয় সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে ২৩ সেপ্টেম্বর সংসদীয় কমিটি ঢাকা থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট পথসহ বিমান বাংলাদেশের অন্যান্য লোকসানি পথে উড়োজাহাজ চলাচল পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছিল।
বিমান বাংলাদেশের নথিতে বলা হয়েছে, বিমানের লোকসানি পথগুলো পর্যায়ক্রমে বন্ধ করে সম্পৃক্ত উড়োজাহাজগুলো লাভজনক পথে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-লন্ডন পথে নতুন প্রজন্মের উড়োজাহাজ চলাচলের কারণে বিমানের প্রতি যাত্রীদের আস্থা ও চাহিদা বেড়েছে। যে কারণে ৩১ অক্টোবর থেকে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে বিমানের চারটি উড়োজাহাজ চলাচল করবে। বর্তমানে এই পথে সপ্তাহে তিনটি উড়োজাহাজ চলাচল করে।
বিমান আরও জানিয়েছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে সপ্তাহে দুটি উড়োজাহাজ পরিচালনার বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে লাভজনক হলে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে জাপানে বিমানের উড়োজাহাজ চলাচল করবে।
বিমান এর আগে সংসদীয় কমিটিকে জানিয়েছিল, ২০১১-১২ অর্থবছরে বিমানের লোকসান ছিল ৫৯৪ কোটি ২১ লাখ ১৫ হাজার ২৮৫ এবং ২০১২-১৩ অর্থবছরে ১৯১ কোটি ৫৮ লাখ ৫২ হাজার ২৯৭ টাকা। ২০১৩-১৪ অর্থবছরের হিসাব উপস্থাপন করা হয়নি।