ঢাকা-বগুড়া মহাসড়কে যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়ার বনানীতে গতকাল রোববার দুপুরের দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার কয়েক শ বাস ও ট্রাক আটকা পড়ায় বেলা একটা থেকে তিনটা পর্যন্ত দুই ঘণ্টা ভাপসা গরমে যাত্রীদের অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয়।
বনানী মোড় এলাকায় আটকে পড়া হানিফ পরিবহনের যাত্রী মাসুমা আকতার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেড় ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছি। বাসের চাকা এক ইঞ্চিও নড়ে না। রোদে পুড়ে, ঘামে ও গরমে বাচ্চাদের নিয়ে শেষ হয়ে গেলাম।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, কোনো প্রকার স্বেচ্ছাসেবক মোতায়েন না করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন মহাসড়ক সংস্কারকাজ করায় এ যানজট তৈরি হয়েছে। যানজট এড়াতে প্রয়োজনে রাত সংস্কারকাজ করার জন্য সওজকে বলে দেওয়া হয়েছে।’
সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম দাবি করেন, ‘স্বেচ্ছাসেবক মোতায়েন এবং ট্রাফিক পুলিশকে জানিয়েই সংস্কারকাজ চলছে। রাতের বেলা সংস্কারকাজ চালানো সম্ভব নয়। তবে সংস্কারকাজ চলাকালে মহাসড়কে যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়, সে ব্যাপারে সতর্ক থাকা হবে।’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী থেকে মাঝিড়া বন্দর পর্যন্ত অংশে কয়েক দিন ধরে সংস্কারকাজ করছে সওজ। কিন্তু সংস্কারকাজের অংশে যান পারাপারের নির্দেশনার জন্য স্বেচ্ছাসেবক মোতায়েন না করায় কয়েক দিন ধরেই থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। গতকাল রোববারের যানজট তীব্র আকার ধারণ করে। দুপুর সাড়ে ১২টা থেকে প্রথমে বনানী বাসস্ট্যান্ড এলাকায় যানজট তৈরি হয়। এরপর বেলা একটার মধ্যে লিচুতলা থেকে জাহাঙ্গীরাবাদ পর্যন্ত মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।
বেলা দুইটার দিকে লিচুতলা থেকে বনানী মোড় পর্যন্ত এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়কে আটকা পড়েছে দূরপাল্লার কয়েক শ বাস, পণ্যবাহী ট্রাক, অটোরিকশাসহ নানা যানবাহন। তীব্র রোদ আর ভাপসা গরমে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ট্রাকচালক রংপুরের শহিদুল ইসলাম বলেন, সওজ ও পুলিশের কারণেই বনানী মোড়ে যানজট তৈরি হয়েছে। লিচুতলা ও মাটিডালি মোড় থেকে উত্তরাঞ্চলের পথে ঢাকা থেকে ছেড়ে আসা ও ঢাকাগামী যানবাহন দ্বিতীয় বাইপাস হয়ে চলাচলের উদ্যোগ নিলেই এ যানজট হতো না।