ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রতিদিন বন্ধ থাকে তিন ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিদিন প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। ফলে এই মহাসড়কে যানজট লেগেই থাকে। কিন্তু এই রেলক্রসিংয়ে একটি উড়ালসেতু (ফ্লাইওভার) নির্মাণ করা হলে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যান চলাচল করতে পারে নির্বিঘ্নে। যানজটও কমে আসবে অনেক।বঙ্গবন্ধু সেতু চালুর পর এই সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল-যোগাযোগ স্থাপনের জন্য সেতু থেকে টাঙ্গাইল হয়ে জয়দেবপুর পর্যন্ত রেললাইন স্থাপন করা হয়। ২০০৩ সালে এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। লাইনটি দুটি জায়গায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অতিক্রম করেছে। এর একটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়ায় ও অপরটি গাজীপুরের কালিয়াকৈর বাইপাসে। কালিয়াকৈর বাইপাসে রেললাইনের ওপর উড়ালসেতু নির্মাণ করা হয়েছিল তখনই। কিন্তু মির্জাপুরের ধেরুয়ায় উড়ালসেতু নির্মাণ করা হয়নি। ফলে এই লাইনে প্রতিটি ট্রেন যাওয়ায় সময় ধেরুয়া ক্রসিংয়ে বন্ধ করে দেওয়া হয় মহাসড়কটি। এ সময় ক্রসিংয়ের দুই পাশে মহাসড়কে আটকে পড়ে শত শত যানবাহন। এভাবে দিনভর বারবার ক্রসিং আটকে দেওয়ায় মহাসড়কে যান চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হয়।রেলওয়ের একটি সূত্রে জানায়, প্রতিদিন অন্তত ১০টি ট্রেন এই পথে যাওয়া-আসা করে। এই ট্রেনগুলোর যাওয়া-আসার জন্য প্রতিদিন অন্তত ২০ বার ধেরুয়ায় রেলক্রসিংয়ে বার ফেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করা হয়।বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, প্রতিটি ট্রেন অতিক্রমের সময় কমপক্ষে ১০ মিনিট গেট বন্ধ রাখতে হয়। সে হিসাবে ধেরুয়ায় প্রতিদিন ২০ বার ট্রেন অতিক্রম করতে কমপক্ষে ২০০ মিনিট অর্থাৎ তিন ঘণ্টা ২০ মিনিট বন্ধ রাখতে হয় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক।বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, প্রতিদিন অন্তত ১০ হাজার গাড়ি এই সেতু হয়ে চলাচল করে। সেই হিসাবে প্রতি মিনিটে এই রাস্তায় চলে সাতটি গাড়ি। এ ছাড়া টাঙ্গাইল, জামালপুরসহ স্থানীয় গাড়িও চলাচল করে।সম্প্রতি সরেজমিনে মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিংয়ে গিয়ে কথা হয় ওই ক্রসিংয়ের গেটম্যান আবদুল মোতালেবের সঙ্গে। তিনি জানান, এই গেট নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রচুর গাড়ি চলাচল করায় গেট বন্ধ করার সময় প্রায়ই ঝুঁকির মধ্যে পড়তে হয়।মোতালেবের কথার সত্যতা পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই। ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আসার সিগন্যাল পেয়ে তিনি গেট বন্ধ করতে যান। মুহূর্তের মধ্যেই একটি পিকআপ ভ্যান এসে আঘাত করে রেলগেটে। এতে ক্ষতিগ্রস্ত হয় রেলগেটটি। এরপর প্রায় ১০ মিনিট গেট বন্ধ থাকায় দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।বগুড়া থেকে ঢাকাগামী পণ্যবোঝাই একটি ট্রাকের চালক আবুল হোসেন জানান, এই রেলগেটে প্রায়ই তাঁদের আটকা পড়তে হয়। এখানে একটি উড়ালসেতু নির্মাণ করা হলে এই মহাসড়কে যানজট অনেক কমবে।টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের অন্যতম কারণ ধেরুয়ার এই রেলক্রসিং। তাই এখানে একটি উড়ালসেতু নির্মাণ করা প্রয়োজন।রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম প্রথম আলোকে বলেন, ব্যস্ততম এই সড়কের রেলক্রসিংটিতে উড়ালসেতু নির্মাণের বিকল্প নেই।