ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশ যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার কারণ অতিরিক্ত গাড়ি চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। সড়কটি চার লেনবিশিষ্ট করা হলে দুর্ঘটনা কমবে অতিরিক্ত যাত্রী বহন, চালকদের অসাবধানতা, অসম প্রতিযোগিতাও অন্যতম কারণরাজধানী-উত্তরবঙ্গ মহাসড়কের টাঙ্গাইল অংশ যেন মরণফাঁদে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর ১২ বছরে এ মহাসড়কের টাঙ্গাইল অংশে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে হাজারেরও বেশি মানুষ। সংশ্লিষ্ট ব্যক্তিদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অন্য গাড়ি অতিক্রম (ওভারটেক), চালকদের অসাবধানতা ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে এ মহাসড়কে দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে গত জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইলের গোড়াই থেকে সেতু পর্যন্ত বিভিন্ন স্থানে দুর্ঘটনায় ৯৫৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৯৫২ জন। এসব দুর্ঘটনায় মির্জাপুর, দেলদুয়ার, বাসাইল, টাঙ্গাইল সদর, কালিহাতী ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় ৮০৩টি মামলা হয়েছে। আর জানুয়ারির পরও গত দুই মাসে দুর্ঘটনায় থাই দূতাবাসের কাউন্সিলর মিজ পান্নিসহ কমপক্ষে আরও ২০ জন নিহত হয়েছে।এসবের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ২০০৮ সালের ২৮ ডিসেম্বর টাঙ্গাইল শহর বাইপাস সড়কের কান্দিলায়। রডবোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ২৫ জন নিহত হয়। একই বছর ১৯ এপ্রিল কালিহাতী উপজেলার হাতিয়ায় কুড়িগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেললাইনের ওপর উল্টে পড়লে ১৮ জন নিহত ও ৫৫ জন আহত হয়।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসচালক অজয় চক্রবর্তী জানান, উত্তরবঙ্গের বাসগুলো যে গতিতে চলে, সে গতিতে জেলা শহরের বাসগুলো চলে না, তাই একই সড়কে দুই ধরনের গতিসম্পন্ন গাড়ি চলাচলে সমস্যা হয়। ফলে প্রায়ই একটার সঙ্গে আরেকটার সংঘর্ষ ঘটে। বাসচালক কোরবান আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো ঢাকা মহানগরের বিভিন্ন স্থানসহ আশুলিয়া, সাভার, বাইপাইল ও ঢাকা ইপিজেডে প্রায়ই যানজটে পড়ে। সেখানে নষ্ট হওয়া সময় পূরণ করার জন্য চালকেরা কালিয়াকৈর থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালান। এ জন্য টাঙ্গাইল অংশে অনেক দুর্ঘটনা ঘটে।টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুত্ফর রহমান জানান, সেতু চালু হওয়ার সময় এ মহাসড়কে প্রতিদিন গড়ে তিন হাজার যানবাহন চলাচল করত। এখন প্রতিদিন চলাচল করে ১৫ হাজারের বেশি যানবাহন। অতিরিক্ত গাড়ি চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। সড়কটি চার লেনবিশিষ্ট করা হলে দুর্ঘটনা কমবে বলে তিনি মন্তব্য করেন।টাঙ্গাইল জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রউফ খান জানান, উত্তরবঙ্গের গাড়িগুলো বেশি বেপরোয়া। নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেগুলো দুর্ঘটনার শিকার হয়। চালকদের সতর্ক হওয়ার পাশাপাশি তিনি সড়কটি চার লেনে উন্নীত করার দাবি করেন।টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জেলার সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিত করে এবং এর প্রতিকার প্রসঙ্গে একটি সুপারিশমালা গত বছরের ডিসেম্বরে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছেন। সেখানে তিনি দুর্ঘটনার ২৯টি কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে দুই লেনে অতিরিক্ত গাড়ি চলাচল, অতিরিক্ত যাত্রী বহন, চালকদের অসাবধানতা, অসম প্রতিযোগিতা ইত্যাদি। দুর্ঘটনা প্রতিরোধে এসব সমস্যার সমাধান, বিশেষ করে সড়কটি চার লেনে উন্নীত করার প্রয়োজনীয়তাকে তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।পুলিশ সুুপার মিজানুর রহমান বলেন, পুরাতন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল নিষিদ্ধ, সড়কটি চার লেন করা, ডিভাইডার নির্মাণ ও দুই ঈদে ছুটি বাড়ানো হলে দুর্ঘটনা অনেক কমে যাবে। এ ছাড়া ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো ও গাড়ির গতি নির্ণয়ের যন্ত্রসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কথাও বলেন তিনি। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের টাঙ্গাইল শাখার সভাপতি ঝাণ্ডা চাকলাদার জানান, দুর্ঘটনা কমিয়ে আনতে সড়কটিকে চার লেন করা ও বাঁকগুলো সোজা করা দরকার।