ঢাকা-বঙ্গবন্ধু সেতু সড়কে নাশকতা রোধে বিশেষ ব্যবস্থা
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটারে নাশকতা প্রতিরোধ ও নিরাপদে যানবাহন চলাচলে বিশেষ ব্যবস্থা নিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার এ বিশেষ কার্যক্রম শুরু করা হয়।
পুলিশ বিভাগ সূত্র জানায়, এই মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাইপাস মোড়ে ‘মহাসড়ক নিরাপত্তা নিয়ন্ত্রণকেন্দ্র’ খোলা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোল চত্বরে এবং ঢাকার দিক থেকে টাঙ্গাইল জেলায় প্রবেশের মুখ মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে স্থাপন করা হয়েছে দুটি উপনিয়ন্ত্রণকেন্দ্র।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর গতকাল বিকেলে করটিয়ায় মহাসড়ক নিরাপত্তা নিয়ন্ত্রণকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের সামনে নিরাপত্তা কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, করটিয়ার নিয়ন্ত্রণকেন্দ্র থেকে প্রতি পাঁচ থেকে দশ মিনিট পর পর একটি বাস বা ট্রাকে দুজন করে সশস্ত্র পুলিশ সদস্য তুলে দেওয়া হচ্ছে। তাঁরা জেলার শেষ প্রান্ত উত্তরবঙ্গের দিকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এবং দক্ষিণে ঢাকার দিকে মির্জাপুর ক্যাডেট কলেজ পর্যন্ত যাচ্ছেন। সব সময় মহাসড়কে যানবাহনে এ ধরনের ২৪টি দল থাকছে। যানবাহনে থাকা এসব সশস্ত্র পুলিশ সদস্য যে গাড়িতে যাচ্ছেন, শুধু সেই গাড়ি নয়, সামনে-পেছনের গাড়িগুলোর দিকেও নাশকতা প্রতিহত করতে প্রস্তুত থাকবেন। এর বাইরেও মহাসড়কে বিশেষ ভ্রাম্যমাণ টহল দল এবং মোটরসাইকেল টহল দল কাজ করছে।
পুলিশ সুপার জানান, এ ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে মহাসড়কে নাশকতা প্রতিরোধ এবং নির্বিঘ্নে যানবাহন চলাচল সচল রাখা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।