ঢাকা-বঙ্গবন্ধু সেতু সড়কে দীর্ঘ যানজট
দুটি ট্রাকের সংঘর্ষের পর গত বুধবার দিবাগত রাতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মহাসড়কের বাসাইলের বাঐখোলা এলাকায় ঢাকাগামী গরুবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর রেকার দিয়ে পুলিশ ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এর মধ্যে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে এলেঙ্গায় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটারজুড়ে এই যানজট লেগে যায়। তবে গতকাল বেলা তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ঢাকা থেকে আসা যাত্রী কোরবান আলী বলেন, সকাল ছয়টায় রওনা হয়ে টাঙ্গাইলে পৌঁছাতে তাঁর সাড়ে ছয় ঘণ্টা লাগে। অপর যাত্রী আশরাফ আলী বলেন, ঈদ সামনে রেখে জনগণের দুর্ভোগ লাঘবে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা প্রয়োজন। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আহসান জানান, দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) উপপরিদর্শক (এসআই) মহানন্দ সিং বলেন, চালকেরা নিয়ম না মেনে এলোপাতাড়ি যানবাহন চালানোর কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে।