প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিচার, সড়ক সংস্কার এবং ঢাকা-বরিশাল নৌপথে রোটেশন প্রথা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।গত শনিবার আয়োজিত ওই মানববন্ধন থেকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবি জানানো হয়। বেলা ১১টার দিকে নগরের অশ্বিনীকুমার হলের সামনে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ওই মানববন্ধনের আয়োজন করে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ মো. হানিফ, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক আবুয়াল সাঈদ, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আক্কাস হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, এনায়েত হোসেন চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল প্রমুখ।বক্তারা তারেক মাসুদ ও মিশুক মুনীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশের সড়ক সংস্কারের দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, ঢাকা-বরিশাল নৌপথে রোটেশন প্রথা চালু করে লাখ লাখ যাত্রীকে জিম্মি করে রাখা হয়েছে। নৌমন্ত্রী এই প্রথা বাতিলের আশ্বাস দিলেও তা হয়নি। যোগাযোগমন্ত্রী ও নৌমন্ত্রীর বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তারা বলেন, তাঁরা দুজন যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তাঁদের পদত্যাগ করা উচিত।