ঢাকা-বরিশাল নৌরুটে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়ে আছে লঞ্চ। যাত্রী ভর্তি হলেই রাজধানী ছেড়ে যাবে লঞ্চগুলো। ছবি: জামিল খান
বৃহস্পতিবার সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়ে আছে লঞ্চ। যাত্রী ভর্তি হলেই রাজধানী ছেড়ে যাবে লঞ্চগুলো। ছবি: জামিল খান

শনিবার ঈদ। বাকি মাত্র এক দিন। আজ বৃহস্পতিবার। কাল শুক্রবার থেকে ছুটি। তাই আজ সকাল থেকেই মানুষজন নাড়ির টানে ছুটি যাচ্ছে আপন ঠিকানায়। রাজধানীর সদরঘাটে স্পষ্ট হয়ে উঠেছে সেই আলামত। দুপুরে সদরঘাটে দেখা গেছে, দক্ষিণাঞ্চলগামী লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। সচরাচর লঞ্চ সন্ধ্যার পর ছেড়ে গেলেও আজ থেকেই অনেক লঞ্চ দুপুরেই গন্তব্যের উদ্দেশে ছাড়তে শুরু করেছে।

বরিশালের বাসিন্দা সাইফুল্লাহ খান। চাকরি করেন ঢাকার একটি ইনস্যুরেন্স কোম্পানিতে। পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন বরিশাল। পারাবাত-১২ লঞ্চে উঠতে পেরে তাঁর মুখে ছড়িয়ে পড়ে বিশাল কিছু প্রাপ্তির হাসি। প্রথম আলোকে বলেন, ‘ঈদের সময় অনেক ভোগান্তি সহ্য করে বরিশাল যেতে হয়। কষ্ট হলেও মন খারাপ হয় না। কারণ, বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারব।’
সরেজমিনে সদরঘাটে দেখা যায়, অনেকে যথা সময়ে ঘাটে পৌঁছতে না পারায় লঞ্চ ধরতে পারেননি। এ অবস্থায় অনেকে অন্য লঞ্চে উঠে পড়েছেন বা ওঠার চেষ্টা করছেন। যাঁদের আগে থেকে কেবিন বুকিং ছিল না, তাঁদের এক লঞ্চ থেকে আরেক লঞ্চে ছুটোছুটি করতে দেখা গেছে। আবার অনেকে লঞ্চে উঠতে না পেরে বাসায় ফিরে গেছেন।

সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে যাত্রীদের ভিড়। ছবি: জামিল খান
সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে যাত্রীদের ভিড়। ছবি: জামিল খান

লঞ্চে করে বাড়িফেরা যাত্রীদের চাপের কারণে আজ সকাল থেকেই গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় তীব্র যানজট দেখা গেছে। এই জটের কারণে সময়মতো ঘাটে পৌঁছা যাবে না আশঙ্কা করে অনেকে মাঝপথে গাড়ি থেকে নেমে হেঁটে ঘাটে পৌঁছান।
বরিশালগামী সুরভী, কীর্তনখোলা, পারাবাত, ফারহানসহ আরও কয়েকটি লঞ্চ ঘুরে দেখা যায়, ডেকে জায়গা না পেয়ে অনেক যাত্রী কেবিনের সামনে কিংবা ছাদে চাদর পেতে বসেছেন। বিকেল ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাটে যাত্রীদের ব্যাপক চাপ ছিল।
পারাবাত-১২ লঞ্চের কেবিন বয় হারুন জানান, ঈদের সময় যাত্রীদের চাপ থাকায় আমাদের থাকার জায়গা ভাড়া দিতে হয়; কেবিনের পাশের মেঝেতে একটি সিটের ভাড়া ৫০০ টাকা।
এদিকে ঘাট সূত্রে জানা যায়, আজ ঢাকা থেকে বরিশালের উদ্দেশে অন্তত ২৩টি লঞ্চ ছেড়ে যাবে। এই নৌ রুটেই ঈদের সময়ে ঘরমুখী যাত্রীদের সবচেয়ে বেশি ভিড় থাকে।