ঢাকা-বরিশাল মহাসড়কে পরিবহন ধর্মঘট
বরিশাল-ঢাকা মহাসড়কে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে বরিশালের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। দুর্ঘটনা ঘটিয়ে ১২ জন পথচারী হত্যার ঘটনায় ক্ষতিপূরণ ধার্য করার বিষয়টি অন্যায় দাবি করে এর প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।
ঈদের আগে আচমকা এই ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ ব্যাপারে জেলা বাস মালিক সমিতিকে জানানো হয়নি। তবে বরিশালের সঙ্গে মাওয়া পথে যান চলাচল করছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কপথেও বাস চলাচল রয়েছে।
আজ নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা-বরিশাল সড়কপথের সব বাস চলাচল বন্ধ রয়েছে। সাধারণ যাত্রীরা অনেক বাধ্য হয়ে বিকল্প পথে ঢাকার পথে রওনা হন।
১১ জুলাই বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলায় হানিফ পরিবহনের একটি গাড়ির চাপায় ব্যবসায়ী, অটোচালক ও পথচারীসহ ১২ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। এ ঘটনায় ১৯ জুলাই বরিশাল সার্কিট হাউস সম্মেলনকক্ষে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনুস, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, পুলিশ সুপার এহসানউল্লাহ, হানিফ পরিবহনের ব্যবস্থাপক আবু তালেব উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ৬০ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। ওই সময় হানিফ পরিবহন কর্তৃপক্ষ ক্ষতিপূরণের অর্থ কমানোর অনুরোধ করেন।
রোববার ঢাকায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সামিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরিশালে সমঝোতা বৈঠকে ধার্য করা ক্ষতিপূরণ একতরফাভাবে করা হয়েছে দাবি করা হয়। অন্যায্য ক্ষতিপূরণ দাবির প্রতিবাদে তারা ঢাকা-বরিশাল মহাসড়কে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন।
হানিফ পরিবহনের ব্যবস্থাপক আবু তালেব অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতারা একতরফাভাবে ক্ষতিপূরণ ধার্য করেছেন। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে সমিতি।
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, হানিফ পরিবহন উজিরপুরে ১২ জনকে হত্যা করেছে বলে যে অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে একজনও বাসযাত্রী নন। এ ঘটনায় মৃত ব্যক্তি প্রত্যেকের পরিবারকে ৬০ হাজার টাকা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এরপর কোনো আলোচনা ছাড়াই ঢাকা গিয়ে অবৈধভাবে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা বাস মালিক সমিতির সঙ্গেও কোনো আলোচনা করেনি।
মো. আফতাব হোসেন বলেন, ‘আমাদের প্রশ্ন—এই ধর্মঘট কাদের বিরুদ্ধে? মৃত ব্যক্তিদের, না সাধারণ মানুষের বিরুদ্ধে? মানুষ মেরে ধর্মঘটের ডাক দেওয়া অনৈতিক।’
এ ব্যাপারে বানারীপাড়া-উজিরপুর এলাকার সাংসদ তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘গাড়িচাপায় ১২ জন মানুষ মারা গেছে। তাঁদের আয়ের উত্স শেষ হয়ে গেছে। মানবিক কারণে তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। তাঁরা বিষয়টি জানাবে বললেও ঢাকা গিয়ে কোনো ধরনের নোটিশ না দিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। মানুষও হত্যা করল আবার ধর্মঘটের ডাক দিয়ে দুর্ভোগ বাড়াচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।’