ঢাকা-বরিশাল মহাসড়কে সংস্কারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন মালিক ও শ্রমিক সমিতির দীর্ঘদিনের আন্দোলন ও পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারকাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল মঙ্গলবার সরেজমিনে মহাসড়কের বরিশাল সদর উপজেলার কাশিপুর ও গড়িয়ারপাড় এলাকায় গিয়ে দেখা যায়, বড় বড় গর্ত ভরাট করে তাতে বিটুমিনের প্রলেপ দেওয়া হচ্ছে।তবে সংস্কারকাজের মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। গতকাল কাশিপুর এলাকায় কথা হয় পঞ্চগড় থেকে পাথর নিয়ে আসা ট্রাকচালক মো. ইসহাক আলীর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, রাস্তার কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু শুধু গর্তগুলো ভরাট করে কোনোমতে বিটুমিনের প্রলেপ দেওয়া হচ্ছে। ভালোভাবে রাস্তার পাথর সরিয়ে নতুনভাবে না করলে কয়েক দিনের মধ্যে সড়কটি আবার আগের মতো হয়ে যাবে।গাড়িচালকেরা বলেন, তাঁরা চান সড়কের কাজ ভালোভাবে করা হোক।সওজ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ৩৮ কিলোমিটার অংশ সংস্কারের জন্য পাঁচ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ হলেও স্থায়িত্বের জন্য প্রথমে সড়কের বড় বড় গর্ত ভরাট করা হবে, এরপর ভালোভাবে কার্পেটিং করা হবে।