ঢাকা-বরিশাল মহাসড়কের দেড় কিলোমিটার ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের কাজী কড়িয়াল থেকে বসাগাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার অংশ চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে আছে প্রায় ১০ বছর ধরে। দক্ষিণবঙ্গের ২১টি জেলার তিন সহস্রাধিক যানবাহন প্রতিদিন অত্যন্ত ঝুঁকি নিয়ে মহাসড়কের এ পথটুকু অতিক্রম করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পথটুকু সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। তাতে যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।মাইক্রোবাস চালক ফরিদপুরের ভাঙ্গার ছিলাধরচর গ্রামের মো. আকতারুজ্জামান (৩৫) বলেন, ‘দক্ষিণবঙ্গের বিভিন্ন সড়কে আমি গাড়ি চালাই। কিন্তু এ জায়গার চেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক আর কোথাও নেই।’এ পথে প্রতিদিন যাতায়াত করেন ভাঙ্গা মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা এলাকার মাসুমা খাতুন (৩৩)। তিনি বলেন, ‘বাসটি ওই স্থানে আসার পর আতঙ্কে থাকি, কখন উল্টে যায়।’ সরেজমিনে দেখা গেছে, কাজী কড়িয়াল সেতু থেকে বাসাগাড়ী সেতুর প্রায় দেড় কিলোমিটার অংশে সড়কের জায়গায় জায়গায় দেবে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। মাটি দেবে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী রোকন মিয়া জানান। তবে সবচেয়ে খারাপ অবস্থা আধা কিলোমিটার অংশে। মাঝেমধ্যেই এ অংশে বাস ও ট্রাক উল্টে যাচ্ছে। ডাঙ্গি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সর্দার সাইফুজ্জামান বুলবুল প্রথম আলোকে জানান, ১০ বছর ধরে মহাসড়কের এ অংশটির অবস্থা বেহাল। মাঝেমধ্যে সড়ক বিভাগ কিছু ইট ফেলে সংস্কার করে। কিন্তু দুদিন পরেই সড়কটি আবার আগের অবস্থায় চলে যায়। ওই এলাকায় এ পর্যন্ত দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মো. শফিকুল আলম জানান, সড়কের ওই অংশটি একেবারে অকেজো হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অংশটি সম্পূর্ণ তুলে ফেলে নতুন করে করতে হবে। প্রজেক্ট বিল্ডার্স লি. নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। গত মে মাস থেকেই কাজটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কাজটি শুরু হতে দেরি হয়ে গেছে এবং বর্ষা মৌসুম চলে এসেছে। তাই আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের আগে এ কাজে হাত দেওয়া সম্ভব হচ্ছে না।