ঢাকা-বরিশাল রুটে বিমান সার্ভিস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, কুয়াকাটা-সোনাকাটাকে নিয়ে মহাপরিকল্পনা করা হয়েছে। বরিশাল হবে পর্যটনশিল্পের অন্যতম অঞ্চল। এ জন্য চালু করা হয়েছে ঢাকা-বরিশাল বিমান সার্ভিস। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিমানবন্দরে বেসরকারি বিমান ইউনাইটেড এয়ারলাইনসের যাত্রীসেবা উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। দুপুর ১২টায় বরিশাল নগর থেকে ১৫ কিলোমিটার দূরে বরিশাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢাকা-বরিশাল রুটে বেসরকারি বিমান সার্ভিস চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী ফারুক খান। এর আগে ১১টা ৪৫ মিনিটে ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমানে বরিশাল পৌঁছান মন্ত্রী। অনুষ্ঠান শেষে বেলা দেড়টায় তিনি বরিশাল ত্যাগ করেন। ফারুক খান বলেন, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বিমানের সার্ভিস চালু থাকবে। পর্যায়ক্রমে তিন, চার, পাঁচ দিন ও পরে সপ্তাহে প্রতিদিন বিমান চালুর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ৫০-৬০ আসনের ছোট বিমান ক্রয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ বিমান অভ্যন্তরীণ এই রুটে সার্ভিস দিতে পারবে। অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন বলেন, দেশের নীতিনির্ধারক থেকে শুরু করে সব মানুষ কক্সবাজারের কথা বেশি চিন্তা করেন। কিন্তু কুয়াকাটা-সোনাকাটা কক্সবাজারের চেয়ে সম্ভাবনাময় পর্যটন এলাকা হবে। ইউনাইটেড এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ ধীরেন্দ্র দেবনাথ, সাংসদ মনিরুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদ হোসেন, বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রমুখ।