ঢাকা-বরিশাল লঞ্চের অগ্রিম টিকিট শেষ
ঢাকা-বরিশাল নৌরুটে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ এবারও পাল্টাচ্ছে না। একদিকে টিকিটের জন্য হাহাকার, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায়—লঞ্চযাত্রীদের এই দুর্ভোগ থেকে যেন মুক্তি নেই। অগ্রিম টিকিট ছাড়ার চার দিন যেতে না যেতেই সব টিকিট শেষ হয়ে গেছে। অন্যদিকে ভাড়াও বাড়ানো হয়েছে কয়েক গুণ।সাধারণ যাত্রীরা অভিযোগ করেছেন, প্রশাসন ও শিল্পপ্রতিষ্ঠানের বড় বড় কর্তাদের নামে অগ্রিম টিকিট বরাদ্দ দেওয়ায় এই হাহাকার পড়েছে। সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না।উদীচীর বরিশাল জেলা সাধারণ সম্পাদক সুনন্দ বাশার জানান, অগ্রিম টিকিট ছাড়ার পরপরই তিনি ঘাটে গিয়েছিলেন। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, সব টিকিট শেষ। তিনি বলেন, ‘আমার একটি কেবিন প্রয়োজন ছিল, তা পাইনি। প্রশাসন ও বড় কর্তাদের দোহাই দিয়ে লঞ্চমালিকেরা সাধারণ যাত্রীদের বিপাকে ফেলছেন। সবার জন্য সমান সুযোগ থাকলে আমিও টিকিট পেতাম।’ এ ব্যাপারে সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ২৭ আগস্ট থেকে তাঁদের লঞ্চের অগ্রিম টিকিট ছাড়া হয়। ইতিমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। সুরভী লঞ্চের মালিক রিয়াজুল কবির জানান, তাঁদের লঞ্চের অগ্রিম টিকিট ছাড়া হয় ২৮ আগস্ট। এরই মধ্যে তাঁদের সব টিকিট শেষ হয়ে গেছে। পারাবত লঞ্চের মালিকও জানালেন একই কথা।যাত্রীরা অভিযোগ করেছেন, লঞ্চ ভাড়া কয়েক গুণ বাড়ানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। তাঁরা জানান, এবার তৃতীয় শ্রেণীর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা, সিঙ্গেল কেবিনের জন্য ৭০০, ডাবল কেবিনের জন্য এক হাজার ৪৫৬ ও সোফার জন্য ৫০০ টাকা। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-বরিশাল রুটে অন্য সময়ে ভাড়া আদায় করা হয় তৃতীয় শ্রেণীর জন্য ৬০ থেকে ১০০ টাকা, সিঙ্গেল কেবিনের জন্য ৫০০ ও ডাবল কেবিনের জন্য ৯০০ টাকা।এদিকে বরিশাল বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকা থেকে বরিশাল এবং ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর বরিশাল থেকে ঢাকা বিশেষ লঞ্চ সার্ভিস চালু থাকবে। ঢাকা-বরিশাল নৌরুটে ঈদের সময় আটটি লঞ্চ চলাচল করবে।