ঢাকা-বরিশাল 'দ্রুতগামী' লঞ্চের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ঢাকা-বরিশাল নদীপথে দিবা-রাত্রি সেবা নিয়ে যুক্ত হয়েছে দ্রুতগতির লঞ্চ এমভি দেশান্তর। সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টায় যাত্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে লঞ্চটি আগামী শুক্রবার ঢাকা থেকে যাত্রী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।

গতকাল বুধবার বিকেল পাঁচটায় বরিশাল নগরের কর্মবীর আবদুল খালেক খান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেয় তাহসিন শিপিং লাইনস কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬৭৫ জন যাত্রী ধারণক্ষমতার নৌযানটি দিনে ঢাকা থেকে এবং রাতে বরিশাল থেকে যাত্রী পরিবহন করবে। ১৮০ ফুট দৈর্ঘ্য, ৩১ ফুট প্রস্থ দ্রুতগতির লঞ্চটি সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টায় ঢাকা-বরিশালে যাত্রী পৌঁছে দেবে। লঞ্চটিতে শীতাতপনিয়ন্ত্রিতসহ ৫৭৫টি চেয়ার রয়েছে। সিঙ্গেল ও ডবল দুই ধরনের কেবিন ছাড়াও ভিআইপি কেবিনও আছে। ১০০ জন তৃতীয় শ্রেণির (ডেক) যাত্রীর ব্যবস্থা আছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকা নৌবন্দর থেকে যাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে বরিশালের উদ্দেশে যাত্রা করবে। একই দিন রাত ১০টায় বরিশাল নৌবন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাবে।

তাহসিন শিপিং লাইনসের পরিচালনা পর্ষদের সদস্য শাহনাজ পারভীন বলেন, যাত্রীদের নিরাপত্তায় লঞ্চে ৩০০ বয়া, ৭০টি লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপণের ব্যবস্থা রয়েছে।

সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্য কে এম শরিফুল কামাল বলেন, অন্যান্য লঞ্চ ও দিবা সার্ভিসের ভাড়ার তুলনায় এমভি দেশান্তরে ভাড়া কম নেওয়া হবে। প্রথম শ্রেণির এসি চেয়ার ৬০০ এবং ৭০০ টাকা, দ্বিতীয় শ্রেণির নন এসি চেয়ার ৪০০ টাকা। সিঙ্গেল নন এসি কেবিন বারান্দা, বাথরুমসহ ১২৫০ টাকা। সিঙ্গেল নন এসি কেবিন ১০০০ টাকা, ডিলাক্স এসি ৪০০০ টাকা, ডবল এসি ২৮০০ টাকা, সেমি ডবল এসি রুম ২৪০০ টাকা।