নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ইকোপার্ক উচ্ছেদে রাজউকের অভিযানের ঘোষণার প্রতিবাদে স্থানীয় লোকজন গতকাল রোববার এক ঘণ্টা ঢাকা-বাইপাস সড়ক অবরোধ, মানববন্ধন ও গণসমাবেশ করে। তারা সড়কে গাছের ডালপালা ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।এ সময় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পার্কটি উচ্ছেদ করা হলে তার ভেতরে গড়ে ওঠা বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছেন এলাকাবাসী।২৯ জুলাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩০ নম্বর সেক্টরে অবস্থিত ‘শেখ রাসেল রাজউক পার্ক’-এর অবৈধ দখলদার উচ্ছেদের জন্য ৮ সেপ্টেম্বর সকালে অভিযান পরিচালনার ঘোষণা দেয়। উচ্ছেদ কার্যক্রমে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে ওই দিন ৮ প্লাটুন পুলিশ মোতায়েনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানানো হয়।রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত ‘জিন্দা পার্ক’ নামের ইকোপার্ক উচ্ছেদে রাজউকের অভিযানের ঘোষণার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় অগ্রপথিক পল্লী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) পার্কের ভেতরে গণসমাবেশ করে। পরে ঢাকা-বাইপাস সড়কের রূপগঞ্জের দাউদপুর এলাকায় শত শত লোক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও পবা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে। একপর্যায়ে তারা দুপুর সাড়ে ১২টায় ঢাকা-বাইপাস সড়কের রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় সড়ক অবরোধ করে। সড়কে গাছের ডালপালা ও টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। বেলা দেড়টায় তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় এলাকাবাসী জানান, তিন দশক আগে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় প্রায় ১৫০ বিঘা জমির ওপর প্রাকৃতিক পরিবেশে জিন্দা পার্ক নামে ইকোপার্ক স্থাপন করে অগ্রপথিক পল্লী সমিতি। ওই সমিতির সদস্যসংখ্যা নারী-পুরুষ মিলে এক হাজার ২০০। এ ছাড়া পার্কের ভেতরে বিদ্যালয়ের লাইব্রেরি, খেলার মাঠ, মসজিদ, মক্তব, ঈদগাহ, ক্লিনিক, গোরস্থান, লেক, টিলাসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন স্থাপনাসহ হাজারো প্রজাতির গাছ রয়েছে। পার্কের ভেতরে স্কুলে পড়াশোনা করে কয়েক শ শিক্ষার্থী।পার্ক রক্ষা কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক কামাল লোহানী জানান, সমিতির পক্ষ থেকে লিজ কিংবা বরাদ্দ দেওয়ার জন্য রাজউকের কাছে আবেদন জানানো হয়। রাজউক পার্কটি লিজ দেওয়ার জন্য পত্রিকায় খোলা দরপত্র আহ্বান করে। সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। গত ২৫ আগস্ট মামলাটি খারিজ হয়ে যায়। এর বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে আপিল করা হয়। কিন্তু মামলা থাকা সত্ত্বেও রাজউক ৮ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েছে। তিনি রাজউককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, রাজউকের অধীনে এমন একটি পার্ক তৈরি করা সম্ভব নয়।পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, জিন্দা পার্কের মতো প্রকৃতিবান্ধব এ রকম পার্ক বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সমবায়ের মাধ্যমে তিলে তিলে যেভাবে পার্কটি গড়ে তুলেছে, তা বাংলাদেশে অনন্য দৃষ্টান্ত। এখানে দুই শ প্রজাতির গাছ রয়েছে। রাজউক এমন একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইকোপার্ক অধিগ্রহণ করে ইট-পাথরের ভবন তৈরি করলে পরিবেশের বিপর্যয় ঘটবে। তাই রাজধানীর পাশে এ রকম একটি বিনোদনমূলক পার্ক রক্ষা করা খুবই জরুরি—যেখানে মানুষ প্রকৃতি দেখতে আসবে, বিল্ডিং দেখতে আসবে না।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যান চলাচল শুরু করেছে।