ঢাকা বাইপাস সড়ক উদ্বোধন হচ্ছে আজ
প্রকল্প গ্রহণের এক যুগ পর আজ বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে ঢাকা বাইপাস সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় বাইপাসের পশ্চিম প্রান্ত গাজীপুর সদরের নাওজোড় এলাকায় এর উদ্বোধন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী উদ্বোধনস্থলের অদূরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। ঢাকা বাইপাস সড়ক নামে পরিচিত হলেও এর পোশাকি নাম ‘জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-নয়াবাজার হয়ে চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পর্যন্ত সড়ক’। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের গাজীপুর অংশে ১৮ কিলোমিটার, নারায়ণগঞ্জে ২০ ও ঢাকা অংশে ১০ কিলোমিটার। বন্দরনগর চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ সহজ করতে ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। গত জোট সরকারের সময় এর নির্মাণকাজ বারবার বিঘ্নিত হয়। সড়ক ও জনপথ সূত্রে জানা যায়, তত্কালীন আওয়ামী লীগ সরকার ১৯৯৮ সালে ১৯২ কোটি টাকার ঢাকা বাইপাস সড়ক প্রকল্প গ্রহণ করে। এর এক বছরের মধ্যে জমি অধিগ্রহণ ও মাটি ভরাটকাজ সম্পন্ন হয়। ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় এলে প্রকল্প বাস্তবায়নের গতি ধীর হয়ে যায়। নানা চড়াই-উতরাইয়ের পর ২০০৫ সালে প্রকল্পটির ব্যয় ২৮১ কোটি ৬০ লাখ পুনর্নির্ধারণ করা হয়। এ সময় কাজ নিয়ে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ ওঠে। বিএনপির রাজশাহী এলাকার সাংসদ নাদিম মোস্তফার স্ত্রীর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ওঠে স্থানীয় মেঘডুবি এলাকায় দুই কিলোমিটার সড়কে কোনো কাজ না করেই সিংহভাগ টাকা উত্তোলনের। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের তদন্তে সড়ক নির্মাণে সড়ক ও জনপথের ৩৫ জন প্রকৌশলীর দুর্নীতির তদন্ত হয়। প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পেয়ে তাঁদের বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয়। অবশ্য ক্ষমতা ছাড়ার অল্প কিছুদিন আগে (২০০৬ সালের অক্টোবর) জোট সরকারের প্রধানমন্ত্রী অসম্পূর্ণ বাইপাস সড়ক উদ্বোধন করেন।গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ফকির আবদুর রব জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা বাইপাস সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য বাড়তি ৬২ কোটি আট লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করতে শেষ পর্যন্ত মোট ৩৪৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়।