ঢাকা-বাগদাদ পুনরায় সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও বাগদাদের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরুর প্রস্তাব দিয়েছে ইরাক। এ ছাড়া বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, সিরামিক, টাইলস, ওষুধ এবং তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিরও আগ্রহ প্রকাশ করেছে দেশটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে ইরাকি রাষ্ট্রদূত শাকির কাশিম মাহদি এই আগ্রহের কথা জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে। খবর বাসসের।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য জোরদারে আরও ঘনিষ্ঠ সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে শাকির আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ এই সংকট থেকে অচিরেই বেরিয়ে আসবে। বাংলাদেশি জনশক্তিকে কঠোর পরিশ্রমী হিসেবে উল্লেখ করে ইরাকি রাষ্ট্রদূত বলেছেন, সাম্প্রতিক সময় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বেড়েছে।
সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার।